রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ্ মখদুম (এসএম) আবাসিক হলে গত বুধবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। সাইকেল চুরির ঘটনা নিয়ে সংঘর্ষ হয় বলে জানা গেছে।এদিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান আবাসিক হলের ছাত্রশিবিরের নিয়ন্ত্রিত কয়েকটি কক্ষ থেকে পুলিশ জিহাদি বই ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের কর্মী ফেরদৌস হোসেন ৯ জুন ছাত্রলীগের আরেক কর্মী মিঠুন কুমার হালদারের একটি সাইকেল চুরি করেন। চুরির বিষয়টি প্রমাণিত হওয়ায় হল কর্তৃপক্ষ ও ছাত্রলীগের নেতারা ফেরদৌসকে দুই হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি তাঁকে ১৫ জুনের মধ্যে হল ছেড়ে যেতে বলা হয়। হল না ছাড়ায় বুধবার রাত ১২টার দিকে মিঠুন ও তুহিন ফেরদৌসের কক্ষে গিয়ে তাঁকে হল থেকে চলে যেতে বলেন। এ নিয়ে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে ফেরদৌসসহ ছাত্রলীগের কয়েকজন কর্মী তুহিন ও মিঠুনকে ধাওয়া করেন। এ সময় দুই পক্ষের সংঘর্ষে ফেরদৌস, তুহিন ও মিঠুন আহত হন। তাঁদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আওয়াল কবির বলেন, ‘বুধবার রাতেই বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছে। এখন কোনো সমস্যা নেই।’