সাইকেল থেকে বিদ্যুৎ
আনন্দময় পরিবেশের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বিনোদপুর উচ্চবিদ্যালয়ে গত বৃহস্পতি ও শুক্রবার দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তরুণ বিজ্ঞানী সাহাবুদ্দিন সামি ও নাহিদুজ্জামানের উদ্ভাবন করা পাঁচটি প্রকল্প মেলায় প্রদর্শন করা হয় এবং কর্মশালায় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ৮০ জন শিক্ষার্থীকে এগুলো বানানোর বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হয়।প্রকল্প পাঁচটি হলো বিদ্যুৎ অর্থাৎ সাইকেলের ঘূর্ণন গতি থেকে বিদ্যুৎ উৎপাদন, পানির অপচয়রোধে ‘জাদুর ট্যাপ’, মুঠোফোনের মিসকলের মাধ্যমে ইলেকট্রিক সুইচ অন ও অফ করার প্রকল্প ‘রহস্যময় মিসকল’, বৈদ্যুতিক যন্ত্রপাতির মাধ্যমে পাহারার ব্যবস্থা ‘পেছন দরজার পাহারাদার’ ও অত্যন্ত কম খরচে (৩০-৫০ টাকায়) থার্মোফ্ল্যাস্ক তৈরির কৌশল। এ ছাড়া ‘সমাজের জন্য বিজ্ঞানের ভূমিকা’ শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়াজন করা হয়।শিক্ষার্থীরা হাতে-কলমে তৈরি করতে শিখেছে ৬ ভোল্টের একটি ব্যাটারি, একটি ডায়নামো, দুটি ডায়োড, একটি ক্যাপাসিটর, একটি রেজিস্ট্যান্স ও একটি লাইটিং ইমেটিং ডায়োড (এলইডি) দিয়ে মিনি আইপিএস তৈরি করা। দুই ঘণ্টা সাইকেল চালালেই ফুলচার্জ হয়ে যাবে এই মিনি আইপিএসের ৬ ভোল্টের ব্যাটারি। যা দিয়ে চার ঘণ্টা জ্বলবে একটি বৈদ্যুতিক বাল্ব।কর্মশালা শেষে সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ বিদ্যালয়ে এমন আনন্দময় অনুষ্ঠান আগে আর হয়নি। এখন বিদ্যালয়ের শিক্ষার্থীরাই প্রতিবছর আয়োজন করবে বিজ্ঞান মেলা। আর বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সার্বিক সহযোগিতা করবে। আকিমুদ্দিন গ্রন্থাগার এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সহযোগিতা করেন বিদ্যালয় কর্তৃপক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক জেবা ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক বিধান চন্দ্র দাস, শিল্পপ্রতিষ্ঠান ওয়ালটন ও মাসিক সাহিত্য পত্রিকা ডাকটিকিট।কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সেরা অনুসন্ধিৎসু হিসেবে ষষ্ঠ শ্রেণীর মাহফুজুর রহমানকে একটি ডিজিটাল ক্যামেরা, আরও ছয় শিক্ষার্থীকে বিজ্ঞানবিষয়ক বই ও প্রশিক্ষক দুই তরুণ উদ্ভাবককে দুটি মুঠোফোন পুরস্কার দেওয়া হয়।