সাইকেল পেল ফারিনা
ফারিনা জাহান৷ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার দ্বিতীয় শ্রেণির ছাত্রী৷ বাসা লালবাগের কেল্লার মোড়৷ নিয়মিত রিকশা পাওয়া যায় না। আবার রিকশা ভাড়াও বেশি। তাই মায়ের সঙ্গে হেঁটেই স্কুলে যেতে হয়। ফারিনার ইচ্ছে সাইকেলে স্কুলে যাতায়াত করবে, ঢাকা শহর ঘুরে দেখবে।
গত সোমবার একটি সাইকেল চেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বরাবর আবেদন করে ফারিনা জাহান৷ সে লিখেছে, ‘আপনার এই সুন্দর ঢাকা শহরে ঘুরে বেড়ানোর জন্য আমার একটি সাইকেল প্রয়োজন৷ বিনীত প্রার্থনা আপনি আমাকে একটি সাইকেল উপহার দিবেন৷’
ফারিনার আবেদন হাতে পেয়ে তার জন্য দ্রুত একটি সাইকেল কেনার ব্যবস্থা করেন ডিএসসিসির মেয়র সাঈদ খোকন৷ গতকাল বৃহস্পতিবার বিকেলে ডিএসসিসির নগর ভবনে নিজ কার্যালয়ে ফারিনাকে এই সাইকেলটি উপহার দেন সাঈদ খোকন৷ মেয়রের দপ্তরের ভেতরই সাইকেলে কয়েক চক্কর দেয় ফারিনা। এ সময় ফারিনার মা নাসিমা জাহান, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল প্রমুখ উপস্থিত ছিলেন৷