আজ পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে ক্বাফীর অবস্থান কর্মসূচি, আবর্জনামুক্ত নগর করার আশ্বাস সাকির
সাইকেল লেন করবেন আনিসুল, ভাঙা রাস্তা থাকবে না: তাবিথ
ভোটারদের মন কাড়তে গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে বিভিন্ন এলাকা চষে বেড়িয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থীরা।
আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক সাইকেল র্যা লিতে অংশ নিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি মেয়র হলে সাইকেলের আলাদা লেন করবেন। আর বিএনপি-সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল জনসংযোগে গেলে ভোটাররা তাঁকে ভাঙাচোরা রাস্তা দেখান। তিনি প্রতিশ্রুতি দেন, খানাখন্দহীন ঢাকা গড়বেন।
গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি জনসংযোগকালে ময়লা-ধুলামুক্ত ঢাকা গড়ার আশ্বাস দেন। এদিকে সিপিবি-বাসদ-সমর্থিত প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী নিপীড়নকারীদের গ্রেপ্তারের দাবি করেছেন। এ দাবিতে তিনি আজ শনিবার ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি দিয়েছেন।
সাইকেলের আলাদা লেন করবেন আনিসুল হক: সাইকেল আরোহীদের সংগঠন বিডিসাইক্লিস্টের ১৫০তম বাইক ফ্রাইডেতে গতকাল সকালে অংশ নেন মেয়র পদপ্রার্থী আনিসুল হক। তিনি বছিলা সেতুর কাছ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত সাইকেল চালান। এ সময় তিনি তাঁর নির্বাচনী প্রতীক ‘টেবিল ঘড়ি’তে ভোট চান।
এ সময় আনিসুল হক সাংবাদিকদের বলেন, মেয়র প্রার্থী হয়েই তিনি দূষণমুক্ত, স্বাস্থ্যকর, সবুজ ও স্মার্ট ঢাকা নির্মাণের স্বপ্ন দেখাচ্ছেন নগরবাসীকে। এই স্বপ্ন বাস্তবায়নে অন্যতম উপকরণ হতে পারে বাইসাইকেল। তিনি নির্বাচিত হলে নগরবাসীকে সাইকেল চালাতে অনুপ্রাণিত করবেন এবং সাইকেল লেন ও পার্কিং তৈরিতেও উদ্যোগ নেবেন।
এর আগে আনিসুল হক বছিলা এলাকায় গণসংযোগ ও একটি পথসভা করেন। দুপুরে কাজীপাড়া জামে মসজিদে জুমার নামাজ পড়েন। বিকেলে বাড্ডার ডুমনি ও শিমুলতলী এলাকায় গণসংযোগের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ করেন।
ভাঙা রাস্তা রাখবেন না তাবিথ: মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল গতকাল কাফরুল এলাকায় ভোট চাইতে গেলে স্থানীয় লোকজন এলাকার ভাঙাচোরা গলিপথ দেখিয়ে দুর্ভোগের কথা জানান। তিনি স্থানীয় মানুষের উদ্দেশে বলেন, তিনি নতুন প্রজন্মের মেয়র প্রার্থী হিসেবে ‘বাস’ প্রতীকে ভোট চাইতে এসেছেন। তিনি নির্বাচিত হলে কোনো সড়কই আর ভাঙা থাকবে না। প্রতিটি এলাকা ধরে ধরে স্থানীয় মানুষের চাহিদা অনুসারে সড়ক ও নালা ঠিক করা হবে।
তাবিথ প্রচারণা শুরুর আগে মিরপুর-১৩ নম্বরে দারুল উলুম মাদ্রাসা জামে মসজিদে জুমার নামাজ পড়েন। এ সময় তিনি মুসল্লিদের কাছে ভোট ও দোয়া চান। এরপর কাফরুলের বিভিন্ন অলিগলিতে হেঁটে ভোট প্রার্থনা করেন।
সন্ধ্যার পর তাবিথ বনশ্রী এলাকায় গণসংযোগ করেন।
ক্বাফীর প্রচার-জনসংযোগ: ক্বাফী গতকাল মোহাম্মদপুর বেড়িবাঁধ, সাতমসজিদ রোড, মিরপুর ১০ নম্বর, কাজীপাড়া, সেনপাড়া, খিলগাঁও, উত্তরার বিভিন্ন এলাকায় জনসংযোগ করে নিজের হাতি প্রতীকে ভোট চান। এ সময় তিনি পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের ওপর নিপীড়নকারীদের গ্রেপ্তারের দাবি জানান। তিনি বলেন, শুক্রবার (গতকাল) রাত ১২টার মধ্যে অপরাধীদের ধরতে না পারলে আজ শনিবার সকালে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান নেবেন।
ক্বাফী ভোটারদের উদ্দেশে বলেন, ঢাকা শহর এখন লুটেরা-দুর্বৃত্ত-মাফিয়া চক্রের নিয়ন্ত্রণে চলে গেছে। সাধারণ মানুষ তাদের হাতে বন্দী। এই চক্রের হাত থেকে ঢাকাকে রক্ষা করতে হলে আগামী সিটি নির্বাচনে ব্যালট বিপ্লব ঘটাতে হবে।
সাকির জনসংযোগ: জোনায়েদ আবদুর রহিম সাকি (জোনায়েদ সাকি) গতকাল বিকেলে উত্তরার বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন। তিনি সড়কে-বাজারে-ব্যবসাপ্রতিষ্ঠানে পথচারী ও কর্মজীবী মানুষের কাছে তাঁর টেলিস্কোপ প্রতীকে ভোট চান। এ সময় মানুষ ময়লা-আবর্জনার কারণে সৃষ্ট সমস্যা ও গণপরিবহনের স্বল্পতার কথা বলেন।
সাকি আশ্বাস দেন, তিনি মেয়র নির্বাচিত হলে ঢাকাবাসীকে আর নাকে-মুখে রুমাল চেপে রাস্তায় হাঁটতে হবে না। ধুলাবালু-ময়লা-আবর্জনা ভোরের আগেই অপসারণ করা হবে।