সাইকেলে কলকাতা থেকে বাংলাদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার সংগঠন ১০০ মাইলসের ১৬ জন সদস্য সাইকেলে করে ঢাকায় আসার পথে গতকাল রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পেঁৗছান l ছবি: প্রথম আলো
কলকাতার সংগঠন ১০০ মাইলসের ১৬ জন সদস্য সাইকেলে করে ঢাকায় আসার পথে গতকাল রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পেঁৗছান l ছবি: প্রথম আলো

ভারতের কলকাতার সংগঠন ‘১০০ মাইলস’-এর একটি দল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাইকেল চালিয়ে বাংলাদেশে এসেছে। ১৬ সদস্যের দলটি গতকাল রোববার রাজবাড়ীর দৌলতদিয়ায় এলে স্থানীয় লোকজন তাদের স্বাগত জানান।
সংগঠনের মূল উদ্যোক্তা ও দলনেতা সুরজিত রায় গতকাল বেলা সাড়ে ১১টায় দৌলতদিয়া ফেরিঘাটে বলেন, ১৯৫২ সালের মাতৃভাষা বাংলা করার দাবিতে প্রাণ দেওয়া সালাম, বরকত, রফিক, জব্বারদের তিনি সম্মানভরে স্মরণ করছেন। ভাষাশহীদদের স্মরণে তাঁদের দলটি একুশে ফেব্রুয়ারি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে চায়।
‘চলো বাংলাদেশ’ শিরোনামে ২০১২ সাল থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১০০ মাইলসের সদস্যরা সাইকেলে করে কলকাতা থেকে বাংলাদেশে আসছেন। এবার ১৫ ফেব্রুয়ারি তাঁরা কলকাতা থেকে রওনা দেন। ১৬ তারিখ তাঁরা বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তাঁদের অভিযানের স্লোগান হলো, ‘বাংলা কখনো হয় না ভাগ, বাংলা ভাষায় আমরা এক’।
এবার এই দলে যোগ দিয়েছে ১২ বছরের স্কুলছাত্র দীপ কুমার দত্ত। দীপ বলে, সে তার বাবা-মা এবং বড়দের কাছ থেকে শুনেছে, বাংলা ভাষার জন্য বাংলাদেশের মানুষ প্রাণ দিয়েছে। তার অনেক আগে থেকেই বাংলাদেশে আসার ইচ্ছা ছিল। তাদের দলে ১০০ মাইলস সংগঠনের অন্য সদস্যদের পাশাপাশি তার বাবাও আছেন।
সংগঠনের সদস্যরা আরও বলেন, রোববার মানিকগঞ্জে থেকে আজ সোমবার তাঁরা ঢাকার দিকে রওনা দেবেন। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ওই দিনই কলকাতার উদ্দেশে রওনা দেবেন।