সাইকেলে ঘুরে সাত বার্তা প্রচার

সংসারে অভাব ছিল সীমাহীন। দুবেলা খাবার জুটত না। বাবা ছিলেন দিনমজুর। তাই পড়ালেখা করতে পারেননি। অন্য ছেলেমেয়েরা যখন বিদ্যালয়ে যেত, তখন তাঁকে রিকশা ঠেলার কাজ করতে হয়েছে। পরে কাজ করেছেন ইটভাটায়। পড়াশোনা করতে না পারায় ভালো চাকরি পাননি। কেউ তাঁকে সম্মান দেয় না। তাই শিক্ষিত না হতে পারার অনুতাপ থেকে সমাজ ও দেশের জন্য কিছু একটা করার তাগিদ অনুভব করেন তিনি। আর এই চিন্তা থেকেই সাইকেল নিয়ে বাল্যবিবাহ বন্ধ, মাতৃভাষাকে ভালোবাসাসহ নানা বিষয়ে প্রচার চালাতে দেশ ভ্রমণে বেরিয়ে পড়েন। তিনি ৬৩ দিনে দেশের ৬৪ জেলা ঘোরেন।
সচেতনতামূলক সাতটি জরুরি বার্তা নিয়ে দেশ ভ্রমণকারী এই তরুণের নাম জাহিদুল ইসলাম মৃধা। বয়স ৩২। বরগুনার আমতলী উপজেলার সোনাখালী গ্রামের দিনমজুর ইউসুফ মৃধার ছেলে তিনি। অভাব-অনটনের কারণে নয় বছর বয়সেই জাহিদুলকে তাঁর বাবা একটি ইটভাটায় শ্রমিকের কাজে দেন। এতে পরিবারের টানাপোড়েন কিছুটা কমে। এভাবে ১৬ বছর ইটভাটার কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে কাটে জীবন। হাড়ভাঙা খাটুনির মধ্যেও জাহিদুলের মনে নানা প্রশ্ন, নানা আক্ষেপ। সামাজিক অসংগতি দেখে তাঁর মনটা বিষিয়ে ওঠে। ভাবেন, যদি পড়াশোনা করার সুযোগ পেতেন, তাহলে হয়তো এত কঠোর পরিশ্রম তাঁকে করতে হতো না।
জাহিদুল বলেন, ‘পড়াশোনা করতে পারিনি বলে আমাকে পরিশ্রমের কাজ করতে হয়। অথচ আমার শারীরিক সুস্থতা, শক্তি ও বুদ্ধি সবই আছে। শুধু নেই বিদ্যা। এ জন্য আমি সব সময় ভাবি, আমার মতো কেউ পড়াশোনা না করে কষ্টের জীবনকে বেছে না নেয়। এ জন্য দেশের সব বাবা-মাকে সচেতন করা দরকার। সেই ভাবনা থেকেই এসব বিষয়ে মানুষকে সচেতন করার জন্য সাইকেলে দেশ ভ্রমণের সিদ্ধান্ত নিই।’
সেই সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের ১ মার্চ থেকে আমতলী উপজেলা থেকে দেশ ভ্রমণে বেরিয়ে পড়েন। ২ মে চট্টগ্রামে গিয়ে শেষ হয় তাঁর এই ভ্রমণ। তিনি সাতটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রচার চালান। এগুলো হচ্ছে: দেশ ও মাতৃভাষাকে ভালোবাসুন, শিক্ষকদের সম্মান করুন, বেশি বেশি গাছ লাগান, বাল্যবিবাহ বন্ধ করুন, ছেলেমেয়েদের স্কুলে পাঠান, আপনার সন্তানকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করুন, কঠিন রোগব্যাধির বিষয়ে সচেতন হোন। এসব বার্তা একটি ব্যানারে তাঁর সাইকেলের সামনে বাঁধা ছিল।
এই ভ্রমণ করতে গিয়ে জাহিদুলের বাধাবিপত্তির মুখোমুখি হতে হয়েছে। তাঁকে ধারদেনা করে সাইকেল কিনতে হয়েছে। নিতে হয়েছে প্রত্যয়নপত্র। পকেটে মাত্র ১৫০ টাকা নিয়ে ১ মার্চ বাড়ি থেকে সোজা চলে আসেন বরগুনা জেলা সদরে। সেখানে গিয়ে তিনি বরগুনার পুলিশ সুপার বিজয় বসাকের সঙ্গে দেখা করেন। তিনি তাঁকে তিন হাজার টাকা দেন এবং দেশ ভ্রমণের জন্য সবাইকে আইনানুগ সহযোগিতার জন্য প্রত্যয়নপত্র লিখে দেন। অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদও দেন এক হাজার টাকা। মোট ছয় হাজার টাকা নিয়ে শুরু হয় সাইকেলে দেশযাত্রা।
জাহিদুল বরগুনা থেকে পটুয়াখালী হয়ে ভোলা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট হয়ে খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া হয়ে রাজবাড়ী, ফরিদপুর হয়ে চলে যান গোপালগঞ্জ। ২ মে চট্টগ্রামে গিয়ে তাঁর যাত্রা শেষ হয়। এভাবে ৬৩ দিনে তিনি পুরো দেশ ঘোরা শেষ করেন।
এই সময়ের মধ্যে তিনি জেলা প্রশাসক, সাংসদসহ বিশিষ্টজনদের কাছ থেকে লিখিত মন্তব্য সংগ্রহ করেন। সেখানে বরগুনার জেলা প্রশাসক বশিরুল আলম লিখেছেন, ‘এটি একটি চমৎকার উদ্যোগ। জাহিদুল মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করার জন্য কিছু গুরুত্বপূর্ণ স্লোগান দেবেন। আমি তাঁর সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।’ বরিশালের জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান লিখেছেন, ‘আপনার চলার পথে শুভকামনা রইল।’ রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম মন্তব্য করেছেন, ‘তোমাকে ধন্যবাদ জানিয়ে খাটো করব না। জনসচেতনতা সৃষ্টির জন্য তোমার এ উদ্যোগকে সাধুবাদ জানাই।’ চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন মন্তব্য করেন, ‘ধন্যবাদ জাহিদুল ইসলামকে শিক্ষাসচেতনতা বাড়াতে দেশ ভ্রমণের জন্য।’
জাহিদুল বলেন, ‘সাইকেলে গোটা দেশ ঘুরতে আমার খুব পরিশ্রম হয়েছে। কখনো খেয়েছি, কখনো টাকার অভাবে খাবার খেতে পারিনি। অনেক এলাকায় মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে, কিছু এলাকায় বিদ্রূপ করেছে কেউ কেউ।’
এখন আপনার লক্ষ্য কী—জানতে চাইলে জাহিদুল বলেন, ‘দেশে এখন এক নম্বর সমস্যা মাদক। এটা শুধু সরকার ও পুলিশের পক্ষে নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য বাবা-মা ও তরুণ প্রজন্মের সচেতনতা প্রয়োজন। বছরখানেকের মধ্যে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আরেকটি সাইকেল ভ্রমণ করার পরিকল্পনা আছে।’