সাইকেলে চেপে বরযাত্রা

সাইকেল চালানোটা তাঁর কাছে নেশার মতো। পরিবেশবান্ধব বাইসাইকেল ব্যবহারে উৎসাহ জোগাতে দীর্ঘদিন ধরে কাজ করছেন। সাইকেলে ঘুরেছেন দেশের ৬৪ জেলা। সাইকেলে গিয়েছেন বিদেশেও। আর তাই নিজে বর বেশে সাইকেলে চড়ে গেলেন বিয়ে করতে। শুধু বর নন, তাঁর সহযাত্রী হিসেবে অনেকেই বরযাত্রায় অংশ নিয়েছেন সাইকেলে চেপে।
গতকাল মঙ্গলবার খুলনা শহরে হয়েছে অভিনব এই বরযাত্রা। নগরের গল্লামারী থেকে বসুপাড়া পর্যন্ত পুরো পথ শেরওয়ানি পাগড়ি পরে বর নিজে গাঁদা ফুলে সাজানো একটি সাইকেল চালিয়ে গেছেন। সাইকেলের সামনে একটি ছোট ব্যানারে লেখা ছিল, ‘সাইকেল চালান, পরিবেশ দূষণ কমান।’ বরের নাম শেখ মো. শরিফুল ইসলাম, ডাক নাম হিরণ। তিনি গল্লামারীর ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ‘কেওড়া’র স্বত্বাধিকারী। পাশাপাশি তিনি একজন সাইক্লিস্ট এবং খুলনা সাইক্লিস্ট গ্রুপের অন্যতম মডারেটর। শরিফুলের বাড়ি ডুমুরিয়া উপজেলার রাজিবপুর গ্রামে। কনে তাসনিয়া তাবাসসুমের বাড়ি নগরের পুরাতন গল্লামারী রোডে।
বর সাইকেল চালিয়ে নগরের বসুপাড়ার একটি কমিউনিটি সেন্টার পর্যন্ত যান। বরের সঙ্গে আরও অনেক তরুণ বরযাত্রায় সাইকেল চালিয়ে বিয়ের অনুষ্ঠানে আসেন। তবে মহিলা ও শিশুদের জন্য মাইক্রোবাসেরও ব্যবস্থা ছিল। বরযাত্রী সাইকেল আরোহীদের মাঝে ছিল অন্য রকম উচ্ছ্বাস। খুলনায় সাইকেলে করে বরযাত্রা এটাই প্রথম বলে মত দেন তাঁরা। বরযাত্রীদের একজন বাহারুল ইসলাম বলেন, ‘এ রকম একটা অভিনব বরযাত্রার সাক্ষী হতে পেরে অনেক ভালো লাগছে। রাস্তায় মানুষের কৌতূহল ও উৎসাহ সেই আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে।’
বর শরিফুল ইসলামের ভাষ্য, ‘ব্যবসার পাশাপাশি সাইক্লিং আমার নেশা। অনেক দিন আগে থেকেই ঠিক করে রেখেছিলাম বিয়ে করব সাইকেলে চেপে।’