সাইকেলে চড়ে স্বাধীনতার স্বাদ
মাথায় হেলমেট পরা ছোট্ট মেয়েটি বসে ছিল সাইকেলের ওপর। নাম কাজী তেহজীব আলম। ম্যাপল লিফে স্ট্যান্ডার্ড থ্রিতে পড়ে। এর আগেও দুবার এসেছে রাইডে। এবার কার সঙ্গে এসেছ—জিজ্ঞেস করতেই পাশে দাঁড়ানো একজনকে দেখিয়ে বলল, ‘বাবার সাথে।’
কাজী তৌহিদুল আলমও সাইকেল নিয়ে এসেছেন। স্বাধীনতা দিবসে বাপ-মেয়ে মিলে সাইকেল চালাবেন।
ভুভুজেলার মতো দেখতে ছোট ছোট বাঁশির প্যাঁ–পোঁ শব্দে তখন সরগরম হয়ে মানিক মিয়ার পরিবেশ। বাপ-মেয়ের সঙ্গে আলাপচারিতা সেই শব্দে চাপা পড়ল। শত শত মানুষ এসে জড়ো হয়েছে সংসদ ভবন এলাকার দক্ষিণ প্লাজায়। সবার সঙ্গে একটা করে সাইকেল। বিডিসাইক্লিস্টসের (বিডিসি) আয়োজনে স্বাধীনতা দিবসের রাইডে যোগ দিতে জড় হয়েছে সবাই।
ধবধবে সাদা দাড়ির এক বয়োবৃদ্ধও এসেছেন। নাম তাঁর সাইদুল হক, বয়স ৬৮। ২০১২ থেকে সাইকেল চালাচ্ছেন। তরুণদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা সাইকেল চালাতে ক্লান্তি নেই তাঁর। আজও এসেছেন সেই ক্লান্তিহীন ভালো লাগা থেকেই। সাইকেল চালিয়ে নিজেকে খুব এনার্জেটিক মনে হয়, বললেন বয়োবৃদ্ধ এই তরুণ।
রাইড ততক্ষণে শুরু হয়ে গেছে। ঘড়ির কাঁটায় আটটা বেজে ১৫। সংসদ ভবন এলাকা থেকে ফার্মেগেট হয়ে বাঁ দিকে মোড় নিলাম আমরা। লাল-সবুজের টি-শার্ট গায়ে চড়িয়ে, জাতীয় পতাকা গায়ে সেঁটে এসেছেন অনেকে। নিয়ম মেনে সারিবদ্ধভাবে ধীরলয়ে এগোচ্ছে শত শত সাইকেল। রাস্তার পাশে মানুষজন দাঁড়িয়ে গেছে। হাসি মুখে কৌতূহলী দৃষ্টি নিয়ে দেখছে। কউ ছবি তুলছে, কউ করছে ভিডিও। রাজধানীর বুকে একসঙ্গে এত সাইকেল অনেকে দেখেনি এর আগে।
মহাখালী উড়াল সড়কের নিচে এসে ট্রেনের সিগন্যালে দাঁড়াতে হলো মিনিট কয়েক। পাশের এক তরুণের সঙ্গে কথা হয় সেই ফাঁকে। নাম জানালেন তরুণ—মাসরুর সাকিব। পেশায় নেটওয়ার্ক এনালিস্ট। বাড্ডায় বাসা, অফিস কারওয়ান বাজারে। আগে গাড়ি চালাতেন। মাস দুই হলো গাড়ি ছেড়ে সাইকেল ধরেছেন। প্রথমবার বড় কোনো রাইডে এসে বেজায় খুশি এই তরুণ।
কথার সঙ্গে পাল্লা দিয়ে এগোতে থাকে সাইকেল। আমরা তখন গুলশান-১ নম্বর গোল চক্করে। পাশের লম্বা-চওড়া তরুণটি একটা ভেলোস সাইকেল চালাচ্ছিলেন। দু-এক কথায় ভাব হয়ে গেল। এসেছেন তিনি দোহার-নবাবগঞ্জ থেকে। তাঁরা জনাত্রিশেক সাইক্লিস্ট ভোর চারটায় রওনা হয়ে মানিক মিয়ায় আটটার একটু আগে এসে পৌঁছেছেন। শুধু কী দোহার-নবাবগঞ্জ! বিডিসির এই রাইডে যোগ দিতে সাভার, মুন্সিগঞ্জসহ আশপাশের জেলাগুলো থেকেও অনেক সাইক্লিস্ট আসেন বলে জানালেন মো. ইব্রাহীম।
সোয়া নয়টার দিকে আমরা হাতিরঝিলে ঢুকলাম। এখানে এসে মিনিট দশেকের বিরতি। খুদে তিন সাইক্লিস্ট আদিয়ান, সাহাতুল, রেহানের সঙ্গে কথা হলো খানিক। ওরা কেউ এসেছে বাবার সঙ্গে, কেউ ভাইয়ের সঙ্গে।
আবার চলতে শুরু করলাম আমরা। পাল্লা দিয়ে অনেক তরুণীও চালাচ্ছেন আমাদের সঙ্গে। তাঁদেরই একজন বীথি আফরিন। ইউডার চারুকলার ছাত্রী।এর আগেও এমন রাইডে যোগ দিয়েছেন তিনি। তবে রোজি পারভিনের কাছে এটি শুধুই সাইকেল চালানো নয়। গেট টুগেদারের মতো মনে হয়। মনে হয় সবাই যেন বড়সর একটা সাইকেল পরিবারের সদস্য। এখানে এলে সবার সঙ্গে দেখা-সাক্ষাত হয়, তাই আসেন।
আমরা তখন এফডিসি পার হয়ে কারওয়ানবাজার সার্ক ফোয়ারা মোড়ে। তারপর পান্থপথ হয়ে ফার্মগেটের ওপর দিয়ে আবার মানিক মিয়াতে এসে রাইড শেষ হলো। ঘড়িতে তখন পৌনে ১০টা। ১৫ কিলোমিটার পাড়ি দিয়ে স্বাধীনতা দিবসের রাইডের সমাপ্তি।কিন্তু বাড়ি ফেরার তাড়া নেই যেন কারও মাঝে।
চৈত্রের রোদ বেশ তেতে উঠেছে। গলা শুকিয়ে কাঠ। কেউ গাছের একটু ছায়া খুঁজে তার নিচে বসে পড়ল। বিডিসির মডারেটর, এক্টিভিস্ট সবাই জড়ো হলেন।ফুটপাতেই শুরু হয়ে গেল জম্পেশ আড্ডা। ছবি তোলা আর সেলফিও চলল সমানতালে।
শখ-সাইকেল-উৎসব-আনন্দ এসবই এখানে মিলেমিশে একাকার। আমরা সাইকেল চালিয়ে স্বাধীনতা দিবসের উৎসবটা উদ্যাপন করি, বললেন বিডিসির দুই অ্যাক্টিভিস্ট মহিউদ্দীন খান রাফি ও নিয়াজ মুর্শেদ।