
মাথায় হেলমেট পরা ছোট্ট মেয়েটি বসেছিল সাইকেলের ওপর। নাম কাজী তেহজিব আলম। ম্যাপল লিফ স্কুলে স্ট্যান্ডার্ড থ্রিতে পড়ে। এর আগেও দুবার এসেছে রাইডে। এবার কার সঙ্গে এসেছ? জিজ্ঞেস করতেই পাশে দাঁড়ানো একজনকে দেখিয়ে বলল, ‘বাবার সাথে।’ বাবা কাজী তৌহিদুল আলমও সাইকেল নিয়ে এসেছেন। স্বাধীনতা দিবসে বাবা-মেয়ে মিলে সাইকেল চালাবেন।
ভুভুজেলার মতো দেখতে ছোট ছোট বাঁশির প্যাঁ…পোঁ শব্দে তখন সরগরম মানিক মিয়া অ্যাভিনিউ। বাবা-মেয়ের সঙ্গে আলাপচারিতা সেই শব্দের নিচে চাপা পড়ে গেল। শত শত লোক এসে জড়ো হয়েছেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সবার সঙ্গেই সাইকেল। বিডিসাইক্লিস্টসের (বিডিসি) আয়োজনে স্বাধীনতা দিবসের রাইডে যোগ দিতে জড়ো হয়েছেন সবাই।
সফেদ শ্মশ্রুমণ্ডিত এক বয়োবৃদ্ধও এসেছেন। নাম তাঁর সাইদুল হক, বয়স ৬৮। ২০১২ সাল থেকে সাইকেল চালাচ্ছেন। তরুণদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা সাইকেল চালাতে ক্লান্তি নেই তাঁর। আজও এসেছেন সেই ক্লান্তিহীন ভালো লাগা থেকে। ‘সাইকেল চালিয়ে আমার নিজেকে খুব সতেজ মনে হয়।’ বলেন তারুণ্যে ভরা এই বয়োবৃদ্ধ।
রাইড ততক্ষণে শুরু হয়ে গেছে। ঘড়ির কাঁটায় তখন সকাল সোয়া আটটা। সংসদ ভবন এলাকা থেকে ফার্মগেট হয়ে বাঁ দিকে মোড় নিলেন সবাই। লাল-সবুজের টি-শার্ট গায়ে চড়িয়ে, জাতীয় পতাকা গায়ে সেঁটে এসেছেন অনেকে। নিয়ম মেনে ধীরলয়ে এগোচ্ছে সারি সারি সাইকেল। রাস্তার পাশে লোকজন দাঁড়িয়ে আছেন। হাসি হাসি মুখে সবার দৃষ্টিতেই কৌতূহল। কেউ ছবি তুলছেন, কেউ বা করছেন ভিডিও। এঁদের অনেকেই যে রাজধানীর বুকে একসঙ্গে এত সাইকেল দেখেননি এর আগে।
মহাখালীর উড়াল সড়কের নিচে এসে ট্রেনের সিগন্যালে দাঁড়াতে হলো মিনিট কয়েক। সেই ফাঁকে কথা হয় পাশের তরুণটির সঙ্গে। নাম জানান মাসরুর সাকিব। পেশায় নেটওয়ার্ক অ্যানালিস্ট। বাড্ডায় বাসা, অফিস কারওয়ান বাজারে। আগে গাড়ি চালাতেন। মাস দুই হলো গাড়ি ছেড়ে সাইকেল ধরেছেন। প্রথমবার বড় কোনো রাইডে এসে বেজায় খুশি।
কথার সঙ্গে পাল্লা দিয়ে এগোতে থাকে সাইকেল। আমরা তখন গুলশান-১ নম্বর গোল চত্বরে। পাশের লম্বা-চওড়া তরুণটি একটা ভেলোস লিজিয়ন-১০ চালাচ্ছিলেন। দু-এক কথায় ভাব হয়ে গেল। এসেছেন নবাবগঞ্জের দোহার থেকে। তাঁরা জনা তিরিশেক সাইক্লিস্ট ভোর চারটায় রওনা হয়ে মানিক মিয়ায় আটটার একটু আগে এসে পৌঁছেছেন। শুধু কী দোহার-নবাবগঞ্জ! বিডিসির এই রাইডে যোগ দিতে সাভার, মুন্সিগঞ্জসহ আশপাশের জেলাগুলো থেকেও অনেক সাইক্লিস্ট এসেছেন বলে জানালেন মো. ইব্রাহিম নামের এক সাইক্লিস্ট।
সোয়া নয়টার দিকে আমরা ঢুকলাম হাতিরঝিল এলাকায়। সেখানে মিনিট দশেকের বিরতি। খুদে তিন সাইক্লিস্ট আদিয়ান, সাহাতুল, রেহান এসেছে ওদের বাবা ও ভাইদের সঙ্গে।