সাইকেলের কলায় মুগ্ধ শিশুরা

মাঠের চারপাশে স্কুল-কলেজ পড়ুয়া শিশু-কিশোরদের ভিড়। মাঠের মাঝে বসানো হয়েছে কাঠের তৈরি পাটাতন। বামন আকৃতির এক সাইকেল নিয়ে তার ওপর নানা কসরত দেখাচ্ছিলেন এক প্রবাসী তরুণ। দুরন্ত সব কলাকৌশল দেখে উল্লাসে ফেটে পড়ছে উপস্থিত শিশু-কিশোরেরা।
সাইকেল স্টান্ট বা সাইকেল দিয়ে কসরত দেখানোর খেলা পশ্চিমা দেশগুলোতে বেশ জনপ্রিয়। বাংলাদেশে সাইকেল স্টান্টকে জনপ্রিয় করতে গতকাল শুক্রবার রাজধানীর স্বামীবাগের মিতালী বিদ্যাপীঠে আয়োজন করা হয় সাইকেল স্টান্ট প্রদর্শনীর। বিডি সাইক্লিস্ট বাংলাদেশের সহযোগিতায় ব্ল্যাক স্ট্রিট ওয়ারিয়র্স নামের একটি সংগঠন এই আয়োজন করে।
গতকালের এই স্টান্ট প্রদর্শনীর মূল আকর্ষণ বেলজিয়ামে বসবাসরত বাংলাদেশি তরুণ মো. এনামুল হক। সুদূর বেলজিয়াম থেকে শুধু সাইকেল স্টান্টকে জনপ্রিয় করতেই এ দেশে এসেছেন তিনি। ২০০৭ সালে বেলজিয়ামের জুনিয়র পর্যায়ের সাইকেল স্টান্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন এ বাংলাদেশি তরুণ।
এনামুল হক প্রথম আলোকে বলেন, অনেকে মনে করেন, সাইকেল স্টান্ট মানে সার্কাস। এটি আসলে ক্রিকেট-ফুটবলের মতোই একটি খেলা। অভিভাবকেরা ভাবতে পারেন, এটা ঝুঁকির। কিন্তু পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা থাকলে এটাও বিনোদনের ভালো খোরাক।
স্টান্ট যাঁরা করেন, তাঁরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন স্থান নিয়ে। এনামুল হক বলেন, এটা করার জন্য একটি জায়গা থাকলে ভালো হয়। রাস্তায় করা ঝুঁকিপূর্ণ। খেলাটিতে তরুণদের আগ্রহ অনেক, তাই স্টান্টের সব ধরনের সুবিধাসহ একটি জায়গা থাকলে ভালো হয়।
এনামুল ছাড়াও স্টান্ট প্রদর্শন করে মোহাম্মদপুর স্টান্ট ভাইপারস ও ব্ল্যাক স্ট্রিট ওয়ারিয়র্স নামের দুটি দল। দলের বেশির ভাগ সদস্যই কিশোর। কেউ দুহাত ছেড়ে দিয়ে, কেউ সাইকেলের সামনের হাতলে পা রেখে আড়াআড়িভাবে শুয়ে নানাভাবে খেলা দেখান।
এসব খেলার আবার বাহারি নামও আছে। রোলিং স্টপি, রোলিং এনডো, হাই চেয়ার হুইলি, ক্রস অ্যান্ড সার্কেল, হ্যান্ড বার ক্রিস্ট, নো ফ্রন্ট হাই চেয়ার হুইলি ও ফ্রি হ্যান্ড হুইলির মতো স্টান্ট ঢাকার তরুণেরা চর্চা করছেন নিয়মিত।
আয়োজকদের একজন আকিব জাভেদ বলেন, চর্চার মধ্য দিয়েই এটা শেখা সম্ভব। যে যত বেশি চর্চা করবে, তত বেশি ভালো করবে। বর্তমানে ঢাকায় ২০-২৫টি দল আছে, যারা নিজস্ব উদ্যোগে সাইকেল স্টান্ট করছে। দিনে দিনে এসব বেশ জনপ্রিয় হয়ে উঠছে বলেও তিনি জানান।