সাইক্লিং শখ নয়, সামাজিক আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমন ​ফ্যাট বাইকের দেখা মিলবে সিলেট বাইক ফেস্টে l ছবি: প্রথম আলো
এমন ​ফ্যাট বাইকের দেখা মিলবে সিলেট বাইক ফেস্টে l ছবি: প্রথম আলো

একসময় দেখা যেত শখের বশে মানুষ সাইক্লিং করছে। কিন্তু এখন আর এটি কোনো শখ নয়, একটি সামাজিক আন্দোলন। এই আন্দোলনকে সবখানে ছড়িয়ে দিতে হবে। সিলেটে প্রথমবারের মতো ‘বাইক ফেস্ট ২০১৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এমন আশাবাদ ব্যক্ত করেছেন।
সাইকেল বাজার নামের একটি সংগঠনের আয়োজনে গতকাল শনিবার থেকে নগরের শাহি ঈদগাহ এলাকার নূরে আলা কমিউনিটি সেন্টারে দুই দিনব্যাপী বাইক ফেস্টের আয়োজন করা হয়। দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক আর দর্শনার্থীদের উপস্থিতিতে তারুণ্যের মিলনমেলায় রূপ পায় অনুষ্ঠানস্থল।
আয়োজন দেখে মুগ্ধ উদ্বোধক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিউল আলম চৌধুরী ঘোষণা দেন, আয়োজকেরা চাইলে ভবিষ্যতে বাইক ফেস্ট সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু বিভাগীয় স্টেডিয়ামে করা হবে। উদ্বোধনী শেষে বিসিবি পরিচালক বলেন, এখনকার সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে সাইক্লিং একটি সামাজিক আন্দোলন। সাইকেলকে স্বল্প দূরত্বের যোগাযোগের জন্য অন্যতম বাহন হিসেবে মানুষ ব্যবহারে আগ্রহী হয়ে উঠছে। যা একাধারে সুস্বাস্থ্য ধরে রাখা ও পরিবেশ রক্ষা উভয় ক্ষেত্রেই ব্যাপক ভূমিকা পালন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রোটারি ক্লাব অব সিলেট রয়্যালসের প্রেসিডেন্ট রোটারিয়ান রাহাত তরফদার। আয়োজকেরা বলেন, সাইক্লিংকে জনপ্রিয় করতে মূলত এই বাইক ফেস্টের আয়োজন। সিলেটে প্রথমবার হলেও ঢাকা, সিলেট ও চট্টগ্রামের ১১টি বাইসাইকেল বিক্রেতা প্রতিষ্ঠান প্রদর্শনী স্টল দিয়ে অংশ নিয়েছে। বাইক ফেস্ট সিলেটের সমন্বয়ক মনজুর আহমেদ আরিফ বলেন, দুই দিনের বাইক ফেস্টের পরিচালনায় রয়েছেন সাইকেল বাজার সিলেটের প্রতিনিধি, ফেস্টের প্রধান পৃষ্ঠপোষক সাইকেললাইফ এক্সক্লুসিভ ও সহযোগী পৃষ্ঠপোষক বাইক ভেঞ্চারের প্রতিনিধিরা।
বিকেল থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী স্টল উন্মুক্ত থাকবে দর্শনার্থীদের জন্য। স্টলগুলো থেকে সাইকেল ও সাইকেলের খুচরা যন্ত্রাংশ কেনা যাবে।