ঢাকা বিশ্ব-বিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুর নির্যাতন মামলায় স্বামী হাসান সাইদকে গতকাল রোববার আবার এক দিনের রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। এদিকে আজ বিকেলে রুমানা মনজুর ভারত থেকে ঢাকায় ফিরছেন বলে তাঁর পরিবার জানিয়েছে।ডিবি সূত্র জানায়, দুই দিনের রিমান্ড শেষে গতকাল পুলিশ হাসান সাইদকে আবার ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় আদালতে। মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামি সাইদের পক্ষে জামিনের আবেদন করা হলে, আদালত তা নাকচ করে দেন।আদালতে দেওয়া ডিবি পুলিশের প্রতিবেদনে বলা হয়, আসামি সাইদ কী কারণে ও কার পরামর্শে রুমানাকে হত্যার চেষ্টা চালিয়ে গুরুতর জখম করেছেন, তা জানার জন্য তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। ঘটনার সময় কোনো ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছিল কি না, তা-ও জানা প্রয়োজন। এ জন্য তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।রুমানা ফিরছেন আজ: গতকাল রুমানা মনজুরের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আজ বিকেল তিনটার দিকে রুমানা মনজুরের ঢাকায় পৌঁছানোর কথা। ভারতের পদুচেরির অরবিন্দ আই সেন্টারের চিকিৎসকদের পরামর্শেই রুমানাকে দেশে ফিরে আসতে হচ্ছে। তাঁর বাঁ চোখটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে, ডান চোখেও তিনি কিছু দেখতে পাচ্ছেন না।