সাইদ এস্কান্দারের জানাজায় হাজারো নেতা-কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জানাজায় হাজারো নেতা-কর্মীর অংশগ্রহণ আর ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বিদায় নিয়েছেন বিএনপির নেতা ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) সাইদ এস্কান্দার। গতকাল বুধবার ঢাকায় তিন দফা জানাজার পর সন্ধ্যায় রাজধানীর বনানীর সশস্ত্র বাহিনী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।সকালে বিমানবন্দর থেকে মরদেহ মরহুমের বারিধারার বাসায় নেওয়া হলে ছুটে যান তাঁর বোন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। ভাইয়ের কফিনের পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। ।ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে গত রোববার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাইদ এস্কান্দার।গত সোমবার নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে তাঁর প্রথম জানাজা হয়।গতকাল বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ আঙিনায়, বিকেল তিনটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আসরের নামাজের পর গুলশানের আজাদ মসজিদ প্রাঙ্গণে জানাজা হয়। সংসদ আঙিনায় অনুষ্ঠিত জানাজায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী, চিফ হুইপ আব্দুস শহীদ, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপির নেতা এম কে অনোয়ার, এলডিপির সভাপতি অলি আহমেদ, জামায়াতের সাংসদ হামিদুর রহমান আজাদসহ বিএনপির নেতা ও সাংসদেরা অংশ নেন। এর আগে ডেপুটি স্পিকার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় পুলিশ কফিনে গার্ড অব অনার প্রদান করে।বিকেল তিনটায় মরদেহ নয়াপল্টনে নেওয়া হয়। সেখানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতাদের নিয়ে কফিনে পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানান। সাইদ এস্কান্দারের মৃত্যুতে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করাসহ মঙ্গলবার শোক কর্মসূচি পালন করে বিএনপি। সাইদ এস্কান্দার বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ফেনী জেলা বিএনপির সভাপতি ছিলেন। ফেনী-১ আসনের সাবেক সাংসদ ছিলেন তিনি।