সাইদ এস্কান্দারের মরদেহ দেশে আসবে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালেদা জিয়ার ভাই ও বিএনপির নেতা মেজর (অব.) সাইদ এস্কান্দারের মরদেহ নিউইয়র্ক থেকে আগামীকাল বুধবার সকালে ঢাকায় পৌঁছাবে।বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে জানানো হয়েছে, ঢাকার বিমানবন্দর থেকে সাইদ এস্কান্দারের মরদেহ সরাসরি ফেনীর ছাগলনাইয়ায় নেওয়া হবে। সেখানে জানাজা শেষে মরদেহ আবার ঢাকায় আনা হবে। এরপর বেলা সাড়ে তিনটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, বাদ আসর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং বাদ মাগরিব গুলশানের আজাদ মসজিদে জানাজা হবে। তাঁকে সশস্ত্র বাহিনীর কবরস্থানে দাফন করা হবে।এদিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ফেনী জেলা বিএনপির সভাপতি সাইদ এস্কান্দারের মৃত্যুর কারণে বিএনপি ও ১৮ দলীয় জোটের গতকাল সোমবার ও আজ মঙ্গলবারের সব কর্মসূচি স্থগিত করা হয়েছে। দলটি আজ সারা দেশে শোক কর্মসূচি ঘোষণা করেছে।সাইদ এস্কান্দারের মৃত্যুতে গতকাল পৃথক বিবৃতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান, ফেনী-৩ আসনের সাংসদ মোহাম্মদ মোশাররফ হোসেন ও ফেনী-২ আসনের সাংসদ জয়নাল আবেদীন গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।