সাইদ এস্কান্দারের মৃত্যুতে বিএনপির শোক পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ভাই ও দলের নেতা মেজর (অব.) সাইদ এস্কান্দারের মৃত্যুতে গতকাল মঙ্গলবার ঢাকাসহ সারা দেশে শোক দিবস পালন করেছে বিএনপি। এ উপলক্ষে গতকাল সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কোরআনখানি হয়। এ সময় সেখানে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। দলের নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। একইভাবে সারা দেশে এ শোক কর্মসূচি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হয়।যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার সাইদ এস্কান্দার মৃত্যুবরণ করেন। আজ বুধবার সকালে তাঁর মরদেহ ঢাকায় এসে পৌঁছার কথা রয়েছে।এদিকে সাইদ এস্কান্দারের মৃত্যুর ঘটনায় ২৯ সেপ্টেম্বর রাজবাড়ীতে ১৮ দলীয় জোটের পূর্বঘোষিত জনসভা স্থগিত করা হয়েছে। গতকাল বিএনপির পক্ষ থেকে জানানো হয়, মরদেহ ঢাকায় আনার পর ফেনীর ছাগলনাইয়ায় নেওয়ার যে পরিকল্পনা ছিল, তা বাদ দেওয়া হয়েছে। আজ বেলা দুইটায় জাতীয় সংসদের দক্ষিণ এলাকায় মরহুমের প্রথম জানাজা, বেলা তিনটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় ও গুলশানের আজাদ মসজিদ প্রাঙ্গণে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে বনানীর সশস্ত্র বাহিনীর কবরস্থানে দাফন করা হবে। বিএনপি ও সহযোগী সংগঠনের সর্বপর্যায়ের নেতা-কর্মীকে জানাজা ও দাফনে শরিক হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।