সাইদ এস্কান্দারের মৃত্যুতে শোক ব্যানার পুড়িয়ে দিয়েছে ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরামে গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় ছাত্রলীগের নেতারা বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ভাই সাইদ এস্কান্দারের মৃত্যুতে শোক জ্ঞাপন করে পরশুরাম কলেজ ফটকে লাগানো ছাত্রদলের শোক ব্যানার পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনায় কলেজ ছাত্রলীগের নেতাদের দায়ী করে কলেজ ছাত্রদলের পক্ষ থেকে লিখিত প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সাইদ এস্কান্দারের মৃত্যুতে শোক জ্ঞাপন করে পরশুরাম কলেজ ছাত্রদলের সভাপতি কামরুল হাসান ও সাধারণ সম্পাদক মো. শাহীন গতকাল মঙ্গলবার সকালে কলেজের প্রবেশপথে শোক ব্যানার লাগানোর চেষ্টা করেন। এ সময় কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মো. মানিক এবং যুগ্ম আহ্বায়ক কাউছার আলম কলেজ ফটকে ব্যানার লাগাতে বাধা দেন। পরে ছাত্রদলের নেতা-কর্মীরা ব্যানারটি টাঙিয়ে চলে যান। কিছুক্ষণ পর ছাত্রলীগের ছয়-সাতজন কর্মী ব্যানারটি আগুন দিয়ে পুড়িয়ে দেন। পরশুরাম কলেজ ছাত্রদলের সভাপতি কামরুল হাসান অভিযোগ করেছেন, গতকাল মঙ্গলবার সকালে কলেজের প্রবেশপথে ব্যানারটি লাগানোর চেষ্টা করলে ছাত্রলীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক বাধা দেন। পরে ছাত্রলীগের নেতারা ব্যানারটি পুড়িয়ে দেন।উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জানান, ছাত্রদলের নেতারা নিজেরাই ব্যানারে আগুন দিয়ে ছাত্রলীগের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিমাংশু কুমার দাস জানান, কলেজে সাইদ এস্কান্দারের মৃত্যুতে শোক ব্যানারে আগুন দেওয়ার বিষয়টি শুনেছেন।