সাইদুর রহমানকে সফল করেছে তার মানবতাবোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধ জাদুঘরে গতকাল অধ্যাপক ডা. এ এইচ সাইদুর রহমানের স্মরণে বাংলাদেশ আফ্রো-এশীয় গণসংহতি পরিষদ আয়োজিত শোকসভায় সভাপতির বক্তব্য দেন অধ্যাপক আনিসুজ্জামান। পাশে (বাঁ থেকে) মুজাহিদুল ইসলাম সেলিম, ডা. ফওজিয়া মোসলেম, অজয় রায়, ডা. শিশির কুমার মজুমদার, ডা. সারওয়ার আলী ও অধ্যাপক এম এম আকাশ l ছবি: প্রথম আলো
মুক্তিযুদ্ধ জাদুঘরে গতকাল অধ্যাপক ডা. এ এইচ সাইদুর রহমানের স্মরণে বাংলাদেশ আফ্রো-এশীয় গণসংহতি পরিষদ আয়োজিত শোকসভায় সভাপতির বক্তব্য দেন অধ্যাপক আনিসুজ্জামান। পাশে (বাঁ থেকে) মুজাহিদুল ইসলাম সেলিম, ডা. ফওজিয়া মোসলেম, অজয় রায়, ডা. শিশির কুমার মজুমদার, ডা. সারওয়ার আলী ও অধ্যাপক এম এম আকাশ l ছবি: প্রথম আলো

আমাদের ‘খসরু ভাই’ ছিলেন সকলের আপনজন। স্বল্পভাষী এই মানুষটি যেমন ছিলেন চিকিৎসক হিসেবে সফল, তেমনি তাঁর মধ্যে ছিল বিচারবুদ্ধির গভীরতা। ‘খসরু ভাই’ বিভিন্ন ক্ষেত্রে বিচরণ করেছেন, কিন্তু সবক্ষেত্রে তাঁকে পরিচালনা করেছে তাঁর মানবতাবোধ। তিনি ছিলেন প্রগতি ও মানবতাবোধের উজ্জ্বল দৃষ্টান্ত।
এই খসরু ভাই হলেন বারডেম হাসপাতালের চক্ষু বিভাগের সাবেক প্রধান চিকিৎসক ও বাংলাদেশ আফ্রো-এশীয় পরিষদের (আপসো) সাধারণ সম্পাদক প্রয়াত ডা. এ এইচ সাইদুর রহমান। সাইদুর রহমানকে সিপিবি, আপসোসহ অন্য সংগঠনের আপনজনেরা খসরু ভাই বলেই ডাকতেন।
মুক্তিযুদ্ধ জাদুঘরে গতকাল শনিবার আপসোর উদ্যোগে প্রয়াতর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসভায় বক্তারা এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ আনিসুজ্জামান বলেন, সাইদুর রহমান কথা কম বলতেন, তবে তাঁর চিন্তার স্রোতটা সব সময় মনের মধ্যে বয়ে যেত। অনেকখানি অভিমানী ছিলেন তিনি। আঘাত পেলে সহজে ভুলতে পারতেন না। পেশাগত চাপ ও শরীর খারাপ হয়ে আসায় তিনি আর সংগঠনে থাকতে চাননি। কিন্তু এই সংগঠনের সবাইকে জড়ো করেছিলেন তিনিই। এই যে সবাইকে নিয়ে চলতে পারতেন, এটাই ছিল তাঁর বড় গুণ। তাঁর অবদান জাতি কখনো ভুলবে না।
আনিসুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি ডা. সারোয়ার আলী, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, অজয় রায়, অধ্যাপক ডা. শিশির মজুমদার, অধ্যাপক এম এম আকাশ, সিপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক মুস্তাফিজুর রহমান, নারীনেত্রী ডা. ফওজিয়া মোসলেম।
সভায় বক্তারা বলেন, জঙ্গিবাদ-মৌলবাদের বিরুদ্ধে সাইদুর রহমান সর্বদাই তাঁর প্রতিবাদ অব্যাহত রেখেছেন। আন্তর্জাতিক প্রগতিশীল পরিমণ্ডলেও তিনি একজন সমাদৃত ব্যক্তিত্ব ছিলেন। তিনি ছিলেন এ দেশের চিকিৎসক সমাজের প্রিয় নেতা। সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রামে তিনি দেশের চিকিৎসক সমাজকে সংগঠিত করতে বিরাট অবদান রাখেন। এ দেশের শান্তি, প্রগতি ও ন্যায়ের সংগ্রামে তাঁর অবদান দেশের মানুষ চিরকাল পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।
প্রয়াতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা আরও বলেন, মহান মুক্তিযুদ্ধ ও এ দেশের গণতান্ত্রিক প্রগতিশীল সংগ্রামে সাইদুর রহমানের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। এ দেশের শান্তি-মৈত্রী ও সংহতি আন্দোলনে তাঁর অবদান ছিল অসাধারণ।
সভা পরিচালনা করেন সংগঠনের কার্যকরী সাধারণ সম্পাদক হাসান তারিক চৌধুরী। শোকসভার শুরুতে সংগীত পরিবেশন করেন রত্না সরকার।