সাইদুরকে ৫০ হাজার টাকার চেক প্রদান
রিকশাভ্যান চালিয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া অদম্য মেধাবী সাইদুর রহমানের পাশে দাঁড়িয়েছে নাটোর জেলা প্রশাসন। গতকাল শুক্রবার নাটোর জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে তাঁকে। একই সঙ্গে বাড়ি করার জন্য একটি খাসজমি বন্দোবস্ত দেওয়ারও আশ্বাস দেওয়া হয়।
গতকাল প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘প্যাডেলের সঙ্গে স্বপ্ন ঘোরে’ শিরোনামে সাইদুরকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর গতকালই নাটোরের জেলা প্রশাসক মশিউর রহমান তাঁকে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেন।
বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সদর দপ্তরের সম্মেলন কক্ষে সাইদুরের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ। ওই সময় জেলা উন্নয়ন সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির জরুরি সভা চলছিল। সেখানে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ। তিনি সাইদুরকে পরিশ্রম করে পড়ালেখা চালিয়ে যাওয়ায় ধন্যবাদ জানান। এ ছাড়া সাইদুরের পরিবারের জন্য খাসজমি বরাদ্দ ও ঘর তৈরি করে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেন।
সাইদুর রহমানের বাড়ি নাটোরের লালপুর উপজেলার আবদুলপুর গ্রামে। পড়ার পাশাপাশি ষষ্ঠ শ্রেণি থেকে তিনি ভ্যান চালাচ্ছেন। এখন সপ্তাহে তিন দিন রাজশাহীতে যান বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করতে। ট্রেনের টিকিট আর কোচিং ফি জোগাড় করতে কোচিং শেষে শহরে রিকশা চালান তিনি।