গাজীপুরের তরুণ আইনজীবী সোহেলুর রহমান হত্যা মামলার প্রধান সন্দেহভাজন আসামি সাইদুর রহমানকে (৩০) গোয়েন্দা পুলিশ আবারও দুই দিনের রিমান্ডে নিয়েছে। গতকাল রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মদন মোহন বণিক মুখ্য বিচারিক হাকিম আদালতে সাইদুরের চার দিনের রিমান্ড প্রার্থনা করেন। হাকিম শহিদুল আলম দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকালই সাইদুরকে জয়দেবপুর থানার অন্য একটি মামলায় তিন দিনের রিমান্ড শেষে আদালতে সোপর্দ করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোহেলুর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার ছয়জনের মধ্যে ইতিমধ্যে চারজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে সাইদুর এখনো এ ঘটনায় জড়িত থাকার ব্যাপারে মুখ খোলেননি। তাই আবারও তাঁকে রিমান্ডে আনা হয়।২৭ মে সকালে জয়দেবপুরের সদর উপজেলার দক্ষিণ কাথোরা মৈশানবাড়ী এলাকা থেকে সোহেলুরের (৩০) লাশ ও বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে পুলিশ। ওই দিনই নিহত সোহেলুরের বাবা হাবিবুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেন।