সাইদুররা খুব কষ্টে আছেন

‘টানা ৩০-৩৫ বছর এখানে দোকান চালাচ্ছি। বর্তমানে ব্যবসার অবস্থা খুবই নাজুক। টানা হরতাল-অবরোধের কারণে কেনা-বেচা ১০ ভাগের ১ ভাগে নেমে এসেছে। কেনা-বেচা না থাকায় দোকানের পুঁজি ভেঙে খাচ্ছি।’
রাজধানীর পুরানা পল্টন এলাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পশ্চিম পাশের ফুটপাতে ডায়েরি ও নোটবুকের দোকানি মো. সাইদুর রহমান গতকাল সোমবার সকালে এভাবেই নিজের যাপিত জীবনের কথা জানালেন।
সাইদুর রহমান বলেন, ‘আগে যেখানে প্রতিদিন ১০ থেকে ১২ হাজার টাকা কেনা-বেচা হতো, সেখানে এখন প্রতিদিন দুই থেকে আড়াই হাজার টাকা হচ্ছে। দোকান ও নিজের খরচ, বিদ্যুত্ বিল ও কর্মচারীর বেতন বাবদ তাঁর প্রতিদিন খরচ হয় ৫০০ থেকে ৭০০ টাকা। এটা দিতেই কষ্ট হচ্ছে। এর সঙ্গে রয়েছে বাসাভাড়া ও ছেলে মেয়েদের পড়ালেখার খরচ।’ ‘সব মিলিয়ে খুবই কষ্টে’ আছেন সাইদুর।
গত ৫ মে হেফাজতে ইসলামের ‘ঢাকা অবরোধ’ চলাকালে সাইদুর রহমানের দোকান পুড়িয়ে দেওয়া হয়। দুর্বৃত্তদের দেওয়া আগুনে তাঁর দোকানের সব মালামাল পুড়ে যায়। সরকার থেকে সহায়তা পেয়ে আবার নতুন করে দোকান সাজান তিনি। কিন্তু সাম্প্রতিক সময়ে টানা হরতাল-অবরোধের কারণে বিক্রি কমে যাওয়ায় একপ্রকার থমকেই গেছে তাঁর ব্যবসা।
সাইদুর রহমান জানালেন, মা, বাবা, দুই সন্তানসহ ছয়জনের সংসার তাঁর। মা ও বাবা থাকেন মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রামের বাড়িতে। দুই সন্তান ও স্বামী-স্ত্রী থাকেন একটি ভাড়া বাড়িতে। দুই সন্তানের মধ্যে বড় মেয়ে পড়েন বেসরকারি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে। ছোট ছেলে মতিঝিল মডেল স্কুলে। নিজের সংসার চালানো, সঙ্গে বাবা-মাকে দেখতে হয়। কিন্তু টানা হরতাল-অবরোধের কারণে আয় কমে যাওয়ায় সব খরচ বহন করতে হিমশিম খেতে হচ্ছে তাঁকে।
কেবল সাইদুর নন, একই অবস্থা ওই এলাকার ফুটপাতের কয়েক শ ক্ষুদ্র ব্যবসায়ীর। হেফাজতের ঢাকা অবরোধ কর্মসূচি চলাকালে এই ব্যবসায়ীদের অধিকাংশের দোকান পুড়িয়ে দেওয়া হয়। সেই ক্ষতি পুষিয়ে উঠতে না উঠতেই টানা হরতাল-অবরোধের কারণে কেনা-বেচা আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় তাঁদের অবস্থা হয়েছে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’র মতো।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটকে শীতের কাপড় বিক্রি করছেন বিল্লাল হোসেন। গতকাল সকালে কথা হয় তাঁর সঙ্গে। বিল্লাল জানালেন, তাঁর চারজনের সংসার চলে এই দোকানের আয়ে। কিন্তু টানা হরতাল-অবরোধের কারণে তাঁর ‘ব্যবসা লাটে ওঠার মতো’ অবস্থা। অন্য সময়ে যেখানে প্রতিদিন পাঁচ থেকে সাত হাজার টাকা কেনা-বেচা হতো, বর্তমানে তা দুই হাজারে নেমে এসেছে।
তিনি বলেন, দেশের যে পরিস্থিতি, তাতে ছোট-বড় সব ব্যবসার অবস্থা খুবই খারাপ। ‘হেফাজতের তাণ্ডবের পর থেকে আমরা খুবই খারাপ অবস্থায় আছি। আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা উঠে দাঁড়াতে পারছি না। অবরোধের কারণে বর্তমানে বেচা-কেনার অবস্থা খুবই খারাপ। যা বেচা-কেনা করি, তাতে মহাজনকে দিতে গেলে আমাদেরই হয় না। আবার আমরা নিতে গেলে মহাজনকে দিতে পারি না।’
আরেক ক্ষুদ্র ব্যবসায়ী বিপ্লব বললেন, হরতাল অবরোধের কারণে ঢাকার বাইরের বিশেষ করে উত্তরবঙ্গ থেকে লোক আসতে না পারায় কেনা-বেচা একেবারেই নেই। একে তো ব্যবসা নেই, তার ওপর প্রতিদিন দোকানের ও নিজের খরচ রয়েছে। পাশাপাশি সংসারের খরচ চালাতে হচ্ছে। তিনি আক্ষেপ করে বলেন, ‘আমরা কার কাছে বলব। বলার মতো জায়গাও নেই। আমাগো কথা কেউ শুনে না। আমরা ভোট দিতে যাই। লাইন ধরে রোদে পুড়ে ভোট দিই। তার বিনিময়ে পাই লাঞ্ছনা, অপমান। যখন আমাদের দরকার পড়ে, তখন আমাদের গায়ে কালি থাকলেও তাঁরা আমাদের জড়ায়ে ধরে। যখনই আমাদের ভোট দেওনের কাজ শেষ, তখন আমাদের কোনো খোঁজখবরও নেয় না তারা। আমরা কার কাছে বলব। বলার মতো লোক নেই এ দ্যাশে।’
কম্বল ব্যবসায়ী আবুল খায়ের বলছিলেন তাঁর শোচনীয় অবস্থার কথা। তিনি বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে দুই দলের সমঝোতা ছাড়া ব্যবসাবাণিজ্য ভালো হবে না। স্বাভাবিক অবস্থা থাকলে তাঁর দোকানে ১৫ থেকে ২০ হাজার টাকা কেনা-বেচা হলেও এখন বিসমিল্লাহ (শুরু) করাও কঠিন হয়ে পড়ছে।’
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সহসভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, আজ ক্ষুদ্র ও বড়সহ সব ব্যবসায়ী ক্ষতির মধ্যে রয়েছেন। দেশের অর্থনীতিই ভেঙে পড়ার উপক্রম হচ্ছে। সবকিছুই থমকে গেছে। রাজনৈতিক কারণে যে এমন পরিস্থিতি হবে, তা কেউই সহজভাবে মেনে নেবে না। রাজনৈতিক বিষয় রাজনৈতিক উপায়ে সমাধান করতে হবে বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, রাজনৈতিক কারণে কোনো দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হোক, তা কেউই চায় না। তাই রাজনীতিবিদদের উচিত রাজনৈতিক উপায়ে এ সংকট সমাধান করা।