সাইনবোর্ড নেই একটিতেও, গম-টাকা ছাড় হচ্ছে ঠিকই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা-কাবিটা) কর্মসূচির ৬৩টি প্রকল্পের কোনোটিতেই সাইনবোর্ড টাঙানো হয়নি৷ সাইনবোর্ডবিহীন প্রকল্পেই বরাদ্দের গম ও একাধিক কিস্তিতে টাকা দেওয়া হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকাির নির্দেশনা উপেক্ষা করে ওই সব বিল দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে পিআইও জিয়াউর রহমান বলেন, ‘সাইনবোর্ডের জন্য নির্দেশনা আছে ঠিক৷ কিন্তু আমি তিন বছর ধরে এই উপজেলায় চাকরি করছি, একবারও সাইনবোর্ডের টাকা পাইনি। আমি নিজের টাকায় তো সাইনবোর্ড তৈরি করে দিতে পারি না।’
ইউএনও এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, ‘কর্মসূচি নির্দেশিকা লঙ্ঘন করলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’
জেলার ভারপ্রাপ্ত ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ওয়াশীমুল বারি বলেন, ‘আমি পিআইওর সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নিচ্ছি৷’
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে জানাতে ও প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘কর্মসূচি নির্দেশিকা’ অনুযায়ী কাবিখা-কাবিটা প্রকল্প এলাকায় সাইনবোর্ড স্থাপন করতে হয়৷
ওই সব প্রকল্পের আশপাশের অন্তত ১০ জন নাম প্রকাশ না করার শর্তে বলেন, নামমাত্র কাজ করে বরাদ্দের সিংহভাগ আত্মসাৎ করার উদ্দেশ্যেই প্রকল্প এলাকায় সাইনবোর্ড টাঙানো হয়নি। প্রকল্পের সাইনবোর্ডে গম, চাল ও টাকা বরাদ্দের পরিমাণ, প্রকল্পের ধরন, দৈর্ঘ্য-প্রস্থ, চেয়ারম্যানের নাম, মাটির কাজের পরিমাণসহ প্রকল্পের খুঁটিনাটি তথ্য লেখা থাকে। সাধারণ মানুষ এসব তথ্য জানলে কাজের ফাঁকি ধরতে পারবে বলেই সাইনবোর্ড টাঙানো হয়নি৷
পিআইওর দপ্তর সূত্র জানায়, চলতি অর্থবছরে পীরগঞ্জ উপজেলায় কাবিখা ও কাবিটা কর্মসূচির প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ৬৩টি প্রকল্পে ৩৩২ মেট্রিক টন গম এবং ৫৮ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়।
জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস গত বছরের ৯ ডিসেম্বর এবং চলতি বছরের ৩০ জানুয়ারি এক কোটি ৫৭ লাখ দুই হাজার টাকার এসব প্রকল্প অনুমোদন দেন।
২৩ মে থেকে ৬ জুন পীরগঞ্জের সেনগাঁও, জাবরহাট, বৈরচুনা, খনগাঁওসহ উপজেলার ১০টি ইউনিয়নের অন্তত ৩০টি প্রকল্প ঘুরে কোনো সাইনবোর্ড দেখা যায়নি। প্রকল্পের আশপাশের লোকজনের সঙ্গে কথা বললে তাঁরা সাইনবোর্ড দেখেননি বলে জানিয়েছেন।
ফকিরগঞ্জ পাকা রাস্তা থেকে ন্যাংরা টাউন পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্পে নয় মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়৷ ওই প্রকল্পের সভাপতি বিশ্বম্ভর রায় বলেন, ‘৫০ হাজার টাকা চুক্তিতে দিয়ে কাজটা করেছি। সাইনবোডের্র কথা কেউই আমাকে বলেননি।’ জনগাঁও হাটপুকুর থেকে পূর্বে মঞ্জুরা কালীপুকুর পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্পেও নয় মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়৷
এই প্রকল্পের সভাপতি মধুসূদন রায় বলেন, ‘৪০ হাজার টাকা চুক্তিতে দিয়ে কাজটি করেছি৷ পিআইও সরেজমিনে কাজ দেখে গেছেন৷ কিন্তু সাইনবোর্ডের কথা তো তিনি বললেন না৷’ প্রায় একই ধরনের কথা জানান আরও পাঁচটি প্রকল্পের সভাপতি৷