পর্যটকদের আকৃষ্ট করতে ২০১০ সালে রাজশাহী শহরের পদ্মাপাড়ে পর্যটনকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেয় সিটি করপোরেশন। স্থান নির্বাচন করে ঝুলিয়ে দেয় সাইনবোর্ড। সেই সাইনবোর্ড ঝোলানোর পাঁচ বছর পেরিয়ে গেলেও পর্যটনকেন্দ্র গড়ার কোনো উদ্যোগ নেই।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান ক্ষমতা গ্রহণের পর পদ্মাপাড়কে ঘিরে বেশ কিছু প্রকল্প গ্রহণ করা হয়। যার একটি নগরের টি-বাঁধ সংলগ্ন এলাকায় পর্যটনকেন্দ্র স্থাপন। পর্যটকদের জন্য সেই কেন্দ্রে বাংলো, রেস্তোরাঁসহ বেশ কিছু স্থাপনা নির্মাণের পরিকল্পনা করা হয়।
সে সময় সিটি করপোরেশনের পর্যটন সম্পর্কিত একটি স্থায়ী কমিটি গঠন করা হয়। এই কমিটির সদস্য ছিলেন হেরিটেজ রাজশাহীর প্রতিষ্ঠাতা মাহাবুব সিদ্দিকী। পর্যটনকেন্দ্রের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, খায়রুজ্জামান লিটন মেয়র থাকার সময় এই কমিটি গঠন করা হয়েছিল।
কমিটিতে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপককেও রাখা হয়েছিল। সিদ্ধান্ত হয়েছিল, রাজশাহী রেলস্টেশনের প্ল্যাটফর্মে যে পিলারগুলো আছে, তার গায়ে রাজশাহীর পর্যটনকেন্দ্রগুলো-সংক্রান্ত তথ্য দেওয়া থাকবে। স্টেশনে একটি বৈদ্যুতিক বোর্ড তৈরি করা হবে। যাত্রীরা ট্রেন থেকে নেমেই যাতে একনজরে জেনে নিতে পারেন রাজশাহীতে ঘুরে দেখার কী কী জিনিস রয়েছে, সেখানে কীভাবে যেতে হবে। খায়রুজ্জামান চলে যাওয়ার পর এ নিয়ে আর কোনো আলোচনা নেই। কমিটির আর কোনো কার্যকারিতা নেই।
৯ জানুয়ারি টি-বাঁধ সংলগ্ন শ্রীরামপুর এলাকায় গিয়ে দেখা যায়, সিটি করপোরেশনের সাইনবোর্ড টাঙানো রয়েছে। তাতে লেখা, ‘পর্যটনকেন্দ্র, বাস্তবায়নে: রাজশাহী সিটি করপোরেশন, রাজশাহী’। সাইনবোর্ডের পেছনের বিশাল জায়গাজুড়ে পড়ে আছে বাঁধ নির্মাণের বড় বড় ব্লক। ব্লকের মাঝে মাঝে বেড়ে উঠেছে আগাছা। বাঁধ ও আশপাশের এলাকাজুড়ে বিনোদনপিয়াসী লোকজন বিকেলে ভিড় করে।
সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, নগরের পর্যটনকেন্দ্র গড়ে তোলা সিটি করপোরেশনের মৌলিক দায়িত্বের মধ্যে না পড়লেও রাজশাহীর উন্নয়নের স্বার্থে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। এখন সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে সিটি করপোরেশনের অগ্রাধিকারভিত্তিক কাজগুলো সামনে চলে আসছে। ভাটা পড়ে যাচ্ছে পর্যটনকেন্দ্র স্থাপনের উদ্যোগ। তিনি আরও বলেন, রাজশাহী সিটি ইউনিভার্সিটি স্থাপন, বেশ কিছু বাণিজ্যিক ভবন নির্মাণ, রাস্তাঘাট-ড্রেনেজ ব্যবস্থা, নগরসজ্জাসহ নানা কাজে বেশি মনোযোগ দিতে হচ্ছে সিটি করপোরেশনকে। অপরদিকে বর্তমানে নগরের উন্নয়নকাজের জন্য অর্থ ছাড় করাতেই হিমশিম খেতে হচ্ছে।