সাইনবোর্ডেও কর ব্যবসায়ীরা ক্ষুব্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের দোকান ও ভবনে যেকোনো ধরনের সাইনবোর্ড টাঙালে কর দেওয়ার বিধান করা হয়েছে। ইতিমধ্যে সাইনবোর্ডধারী প্রতিষ্ঠানগুলোকে সিটি করপোরেশনের পক্ষ থেকে গত অর্থবছরের কর পরিশোধের জন্য নোটিশ দেওয়া হয়েছে। নতুন এই কর নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ব্যবসায়ীরা বলেন, বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন কোনো কর বৃদ্ধি না করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন। তাঁর নির্বাচনী ইশতেহারে তা উল্লেখ রয়েছে। মেয়র মোসাদ্দেক হোসেনের ২০ দফা নির্বাচনী ইশতেহারের প্রথম দফায় ছিল, নগরবাসীর করের বোঝা যাতে ভারী না হয়, সে জন্য আগামী পাঁচ বছর কোনো কর বা ট্যাক্স বৃদ্ধি করা হবে না।
নোটিশ ও সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, যারা ২০১৩-১৪ সাল থেকে প্রতিষ্ঠান বা ভবনে নিয়ন সাইন, প্লাস্টিক সাইন বা পলি সাইনবোর্ড ব্যবহার করছেন, রাজশাহী সিটি করপোরেশনের আদর্শ কর তফসিল ২০০৬-এর ৮ (২) ধারা অনুযায়ী প্রদর্শিত আলোকিত সাইনবোর্ড প্রচারে কর পরিশোধ করা প্রয়োজন। আলোকিত সাইনবোর্ডের ক্ষেত্রে প্রতি বর্গফুটের জন্য বার্ষিক ৫০ টাকা এবং অনালোকিত সাইনবোর্ডের জন্য ৩০ টাকা হারে এই কর পরিশোধ করতে হবে। তার সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট প্রদান করতে হবে। ১৮ ডিসেম্বর তারিখে স্বাক্ষরিত এই নোটিশ ব্যবসায়ীদের হাতে এসেছে।
ইতিমধ্যে আলোকিত সাইনবোর্ডধারী প্রতিষ্ঠান ও ভবনগুলোতে গত অর্থবছরের (২০১৩-১৪) বকেয়া করের চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। এতে প্রধান রাজস্ব কর্মকর্তা স্বাক্ষর করেছেন। এতে বলা হয়েছে, নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে এই কর পরিশোধ না করলে তাঁর সাইনবোর্ড অপসারণসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নগরের আলমিরা আর্ট অ্যান্ড ফার্নিচারের ব্যবস্থাপক রতন কাজী বলেন, তাঁরা রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ব্যবসা করছেন। এর জন্য তাঁদের ট্রেড লাইসেন্স নিতে হয়েছে। তাঁরা সরকারকে আয়কর, ভ্যাট দিচ্ছেন। এর পরও সাইনবোর্ডের জন্য তাঁকে প্রতিবছর সিটি করপোরেশনকে আরও ৫ হাজার ১৭৫ টাকা করে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে। আগের কোনো মেয়রই এই কর আদায় করেননি। মেয়র তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করেননি।
সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা সৈয়দা জেবিন নিসা সুলতানা বলেন, এই কর আদায়ের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে। তাঁদের কিছু করার নেই।
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বলেন, তিনি গৃহকর (হাউস হোল্ড ট্যাক্স) বৃদ্ধি না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন সবকিছু তার মধ্যে গুলিয়ে ফেললে কোনো করই ধার্য করা যাবে না। তার পরও তিনি এটি সাধারণ সভায় তুলবেন বলে জানান।