সাইনবোর্ড সরিয়ে ফেলার নির্দেশ পুলিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে আবহাওয়া অধিদপ্তরের জমিতে ব্যক্তিমালিকানার সাইনবোর্ড সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে পুলিশ। গতকাল সোমবার সিলেট কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শকের নেতৃত্বে একদল পুলিশ সরেজমিনে ওই জায়গা পরিদর্শন করে সাইনবোর্ড সরানোর নির্দেশ দেন।পুলিশ সূত্র জানায়, নগরের শাহী ঈদগাহ এলাকায় অবস্থিত আবহাওয়া অধিদপ্তরের জমিতে গত শনিবার বিকেলে ব্যক্তিমালিকানা দাবি করে সরকারি জায়গায় সাইনবোর্ড লাগায় একটি মহল। এ সময় ৬৪ শতক জায়গা চিহ্নিত করে বাঁশের খুঁটি পোঁতা হয় এবং স্থাপনা নির্মাণে ইট ও বালু রাখা হয়। এ ব্যাপারে গত শনিবার রাতেই আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা সাঈদ আহমদ চৌধুরী সিলেট কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন। এ ব্যাপারে গতকাল প্রথম আলোয় এ সংক্রান্ত সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হয়। এএসআই কামাল প্রথম আলোকে বলেন, ‘মালিকানা দাবিদার পক্ষের লোকজনকে সাইনবোর্ড সরিয়ে ফেলতে বলেছি এবং কোনো ধরনের নির্মাণকাজ চালাতেও নিষেধ করে এসেছি।’