শিক্ষক-শিক্ষার্থীদের তোপের মুখে গতকাল বুধবার সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর স্নাতক (সম্মান) কলেজের ভুল বানানে লেখা সাইনবোর্ডটি নামিয়ে ফেলেছে কলেজ কর্তৃপক্ষ। ছয় মাস ধরে কলেজটির সাইনবোর্ডে ‘সম্মান’ বানান ভুল করে ‘সন্মান’ লেখা ছিল।
গতকাল বুধবার এই সাইনবোর্ড নিয়ে প্রথম আলোয় ‘“সম্মানের” অসম্মান’ শিরোনামে খবর প্রকাশিত হয়। পরে কলেজের শিক্ষক ফারুক হোসেন সাইনবোর্ডটি নামিয়ে ফেলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাইনবোর্ডের ভুল বানানের বিষয়টি নিয়ে আমরা লজ্জিত। প্রথম আলোর পাঠকদের পাশাপাশি আমাদের আবেগের বিষয়টি অনুধাবন করে অধ্যক্ষ সকালেই সাইনবোর্ডটি নামানোর নির্দেশ দেন। তবে শুদ্ধ বানানে এখনো নতুন সাইনবোর্ড তোলা হয়নি।’
স্থানীয় বাসিন্দা ও লেখক গোলাম কামরান বলেন, ‘রাজাপুরের মতো একটি বড় কলেজের শুদ্ধ করে সাইনবোর্ড লেখার খরচের অভাব থাকার কথা না। তাই তাদের নতুন সাইনবোর্ড ঝোলানো উচিত বলে আমি মনে করি।’