সাইফ পাওয়ারটেক হটাও দাবিতে আন্দোলন শুরু
চট্টগ্রাম বন্দরের সঙ্গে সাইফ পাওয়ারটেক লিমিটেডের চুক্তি বাতিলের দাবিতে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে বন্দর ভবনের মূল ফটকের সামনে তিন দিনব্যাপী কালো ব্যাজ ধারণ কর্মসূচির উদ্বোধন করেন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চুক্তির শর্ত ভঙ্গ করার দায়ে সাইফ পাওয়ারটেক লিমিটেডের চুক্তি বাতিল করতে হবে। জরিমানা আদায় করে প্রতিষ্ঠানটিকে কালোতালিকাভুক্ত করারও আহ্বান জানান তিনি। প্রতিষ্ঠানটিকে একের পর এক সরাসরি ক্রয়পদ্ধতিতে কাজ করার সুযোগ দিয়ে অর্থ লুটপাট করার সুযোগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
নৌপরিবহন মন্ত্রণালয় ও বন্দর কর্তৃপক্ষকে উদ্দেশ করে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘বিনা লাইসেন্সে কাজ পেয়ে প্রতিষ্ঠানটি বন্দরে অরাজক অবস্থা তৈরি করেছে। আপনারা দেখেও না দেখার ভান করছেন। সময় এলে দায়ী ব্যক্তিরা কেউ পালাবার সুযোগ পাবেন না।’
কমলাপুর কনটেইনার ডিপো পরিচালনায় বন্দরের সঙ্গে চুক্তির পর নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শুরু করেনি সাইফ পাওয়ারটেক। এ জন্য জরিমানা আদায়সহ চুক্তি বাতিল করার জন্য দরপত্র দলিলে উল্লেখ থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি বন্দর কর্তৃপক্ষ। আবার নিউমুরিং কনটেইনার টার্মিনালের দুটি জেটিতে সরাসরি ক্রয়পদ্ধতিতে কাজ দেওয়া হয়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেডকে।
‘সাইফ পাওয়ারটেক হটাও’ দাবিতে ৭ সেপ্টেম্বর বন্দর ভবনের সামনে অনশন কর্মসূচি এবং ১০ সেপ্টেম্বর লালদিঘি মাঠে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন মহিউদ্দিন চৌধুরী।
চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মহিউদ্দিন চৌধুরীর অভিযোগ সম্পর্কে সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন প্রথম আলোকে জানান, গণ খাতে ক্রয়বিধি অনুসরণ করে তাঁর প্রতিষ্ঠান বন্দরে কনটেইনার পরিচালনকাজ করছে।