সাইফ পাওয়ারটেককে কালো তালিকাভুক্ত করার দাবি
বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেডকে বিনা প্রতিযোগিতায় চট্টগ্রাম বন্দরের কনটেইনার ওঠানো-নামানোর কাজ দেওয়ার বিরোধিতা করেছেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি ওই প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার দাবি জানান।
চট্টগ্রাম ডক-বন্দর শ্রমিক-কর্মচারী পরিষদের ব্যানারে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সাধারণ সম্পাদক আবদুল আহাদ। বন্দরের শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা এতে অংশ নেন।
মহিউদ্দিন চৌধুরী বলেন, বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে কনটেইনার ওঠানো-নামানোর কাজ বিনা প্রতিযোগিতায় সাইফ পাওয়ারটেক নামের একটি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হচ্ছে। বিনা প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটি বন্দরের অনেক কাজ হাতিয়ে নিচ্ছে। প্রতিষ্ঠানটি অনেক দক্ষ শ্রমিকদের চাকরিচ্যুত করেছে। প্রতিষ্ঠানটি বন্দরকে নিয়ন্ত্রণে নিয়ে নানা সুযোগ নিতে চায়। এ জন্য প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করার দাবি জানান তিনি।
বন্দরের নিজস্ব পরিচালনায় নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) চালুর দাবি জানিয়ে মহিউদ্দিন চৌধুরী বলেন, নিউমুরিং টার্মিনালের ভাটিতে নৌবাহিনীর মূল প্রতিরক্ষা স্থাপনা এবং উজানে চট্টগ্রাম বন্দরের নিজস্ব একটি টার্মিনাল রয়েছে। এ অবস্থায় নিউমুরিং টার্মিনালে বিদেশি প্রতিষ্ঠানকে নিয়োগ দিলে উভয় প্রতিষ্ঠানের জন্য তা মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। এনসিটির জন্য বেসরকারি অপারেটর নিয়োগ বিশেষ মহলের চক্রান্ত বলে উল্লেখ করেন তিনি।
মতবিনিময় সভায় বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ কে এম তফাজ্জল হোসেন, বন্দর কর্মচারী পরিষদের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ওয়াহিদুল্লাহ সরকার প্রমুখ।
প্রসঙ্গত, সাড়ে ছয় বছর আগে বন্দরের নিউমুরিং টার্মিনাল নির্মাণ করা হয়। প্রায় ৫৬৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ টার্মিনালের দুটি জেটিতে গণ খাতে ক্রয়বিধির সরাসরি ক্রয় পদ্ধতিতে তিন বছর ধরে কনটেইনার ওঠানো-নামানোর কাজ করছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। নতুন করে আবারও বিনা প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটিকে কনটেইনার ওঠানো-নামানোর কাজ দেওয়া হচ্ছে।
সমপ্রতি এই টার্মিনাল বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিল বন্দর কর্তৃপক্ষ। এ জন্য বন্দরের টাকায় যন্ত্রপাতি কেনার প্রক্রিয়াও শুরু হয়। তবে সংসদীয় কমিটির আপত্তির মুখে যন্ত্রপাতি কেনার প্রক্রিয়া বাতিল করা হয়। এখন কীভাবে টার্মিনালটি চালানো হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি।
মহিউদ্দিন চৌধুরীর অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিনকে। তবে এর আগে তিনি প্রথম আলোকে জানান, নিয়ম মেনেই তিনি বন্দরে কাজ করছেন। বিনা দরপত্রে কোনো কাজ করছেন না তিনি। এনসিটির দুটি জেটিতেও কনটেইনার ওঠানো-নামানোর কাজে ও গণ খাতে ক্রয়বিধির সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।