সাইফউদ্দিন আহমেদ মানিক স্মারক বৃত্তি পেলেন চার শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভিন্ন বর্ষের চারজন শিক্ষার্থী ‘সাইফউদ্দিন আহমেদ মানিক স্মারক বৃত্তি’ পেয়েছেন। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের এই বৃত্তি দেওয়া হয়।

বৃত্তিপ্রাপ্তরা হলেন স্নাতক সম্মান শ্রেণীর দ্বিতীয় বর্ষের আবু সুফিয়ান, তৃতীয় বর্ষের মো. হাবিবুর রহমান, চতুর্থ বর্ষের জাকির হোসাইন এবং স্নাতকোত্তর শ্রেণীর মো. মিজানুর রহমান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক তাঁদের হাতে বৃত্তির টাকার চেক তুলে দেন।

এ সময় উপাচার্য বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে এবং সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে সাইফউদ্দিন আহমেদ আজীবন কাজ করে গেছেন। একজন মানুষ সরলতা ও সত্যনিষ্ঠা দিয়ে কীভাবে রাজনীতি এবং সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত থাকতে পারেন তা তিনি শিখিয়ে গেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. কামাল উদ্দীন। শুভেচ্ছা জানান ট্রাস্ট ফান্ডের দাতা প্রতিনিধি মফিদুল হক। উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান গিয়াসউদ্দিন মোল্যা, সাইফউদ্দিন আহমেদের সহধর্মিণী ডা. ফওজিয়া মোসলেম প্রমুখ। অনুষ্ঠানে সাইফউদ্দিন আহমেদের জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন তাঁর কন্যা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অণুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সংগীতা আহমেদ।

সাইফউদ্দিন আহমেদ মানিক ১৯৩৯ সালের ২৪ জুন ফেনীতে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে বিএ ও এমএ ডিগ্রি লাভ করেন। তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং গণফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।