সাইফউদ্দিন আহমেদ মানিকের সপ্তম মৃত্যু বার্ষিকী আজ
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক সাইফউদ্দিন আহমেদ মানিকের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে টিইউসির পক্ষ থেকে আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সাইফউদ্দিন আহমেদ মানিকের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে।
আগামী শুক্রবার বিকেল চারটায় তোপখান রোডে টিইউসির কেন্দ্রীয় কার্যালয়ে হবে আলোচনা সভা। এ ছাড়া মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট আজ সকাল সাড়ে সাতটায় ট্রাস্টের সামনে বেদীতে এবং সাড়ে আটটায় মিরপুর শহীদ বুদ্দিজীবী কবরস্থানে পুষ্পার্ঘ নিবেদন করবে।
গতকাল সোমবার টিইউসির সভাপতি সহিদুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান সাইফউদ্দিন আহমেদ মানিকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে বলেন, মানবমুক্তি, শোষণহীন সমাজ ও শ্রমিকশ্রেণির অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। বিজ্ঞপ্তি।