সাইফউদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ
বিশিষ্ট বাম রাজনীতিবিদ সাইফউদ্দিন আহমেদ মানিকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। ২০০৮ সালের এই দিনে তিনি মারা যান। মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক কর্মসূচি পালন করবে। সাইফউদ্দিন আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উদ্যাপন পরিষদ গতকাল মুক্তিযুদ্ধ জাদুঘরে স্মরণসভার আয়োজন করে। স্মরণসভায় স্মৃতিচারণা করেন রাশেদ খান মেনন, তোফায়েল আহমেদ অজয় রায়, মুজাহিদুল ইসলাম সেলিম, আয়েশা খানম, মরহুমের স্ত্রী ডা. ফওজিয়া মোসলেম, মরহুমের ভাই ডা. শফিউদ্দিন হেলাল প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন পঙ্কজ ভট্টাচার্য। গণফোরামের স্মরণসভা: জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সাইফউদ্দিন আহমেদ স্মরণসভায় আড়িয়ল বিলের আন্দোলনকে সাধারণ মানুষের আন্দোলন বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘আমি লাঠি হাতে লাখো মানুষের ছবি দেখেছি। লাঠি হাতে এসব মানুষ দেশের মালিক। তারা যখন দাঁড়ায়, বিজয় তখন অনিবার্য।’ ড. কামাল আরও বলেন, নির্বাচনে মনোনয়ন পেলাম কি না এবং সরকারি জমি ও পাজেরো থাকল কি না, সেটাই মুখ্য হয়ে গেছে। তিনি বলেন, সাইফউদ্দিন মানিক এই হওয়া এবং পাওয়ার রাজনীতি করতেন না। সে জন্য মৃত্যুশয্যায়ও তিনি দেশের মানুষের ঐক্য নিয়ে ভেবেছেন। আলোচনা সভায় গণফোরামের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।