সাইফুজ্জামানের বিপরীতে জালাল ‘স্বতন্ত্র প্রার্থী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-১২ (আনোয়ারা ও পশ্চিম পটিয়া) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত সাইফুজ্জামান চৌধুরীর ও বিএনপির স্থানীয় নেতা জালাল উদ্দিন আহমেদসহ ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।গতকাল বৃহস্পতিবার এসব প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এঁদের মধ্যে দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি জালাল উদ্দিন আহমেদ চট্টগ্রাম শহরে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি দলীয়ভাবে নির্বাচন করার চেষ্টা করে যাচ্ছি। কিন্তু দলের উচ্চপর্যায় থেকে এখনো অনুমতি পাইনি। তবে, দলীয়ভাবে না হলেও স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার ইচ্ছা আছে আমার।’মনোনয়নপত্র জমাদানকারী অন্য চার প্রার্থী হলেন: জাতীয় পার্টির (এরশাদ) তপন চক্রবর্ত্তী, গণফোরামের উজ্জ্বল ভৌমিক, স্বতন্ত্র প্রার্থী আবদুল আলীম ও মিজানুর রহমান। ২৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। ভোট গ্রহণ হবে আগামী ১৭ জানুয়ারি। গত ৪ নভেম্বর আওয়ামী লীগের সাংসদ আখতারুজ্জামান চৌধুরী মারা গেলে এ আসনটি শূন্য হয়। তাঁর বড় ছেলে সাইফুজ্জামান চৌধুরীকে উপনির্বাচনে দলীয় মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।সাইফুজ্জামান চৌধুরী গতকাল দুপুর পৌনে ১২টায় আনোয়ারা উপজেলা সদরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে পটিয়ার সাংসদ শামসুল হক চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ চেমন আরা তৈয়ব এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দিয়ে সাইফুজ্জামান চৌধুরী সমবেত দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আমি আমার বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য নির্বাচন করছি। সবাইকে সঙ্গে নিয়ে আমি নির্বাচন করব।’ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ: গতকাল সাইফুজ্জামান চৌধুরীর মনোনয়নপত্র জমা দেওয়ার পর উপজেলা নির্বাচন কার্যালয় থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে আনোয়ারা কলেজ ক্যাম্পাসে ফিরে যান। এরপর আনোয়ারা কলেজ ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলামের অনুসারীদের সঙ্গে সাধারণ সম্পাদক মো. আলমগীরের অনুসারীদের সংঘর্ষ বাধে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানতে চাইলে নজরুল ইসলাম ও মো. আলমগীর বলেন, ভুল-বোঝাবুঝির কারণে সংঘর্ষ হয়েছিল, পরে মিটমাট হয়ে গেছে।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, ‘তুচ্ছ বিষয় নিয়ে দুই গ্রুপের মধ্যে একটু সমস্যা হয়েছিল। আমরা গিয়ে সমাধান করে দিয়েছি।’