থাইল্যান্ডের উপকূলে আন্দামান সাগরে বাংলাদেশি জাহাজ এমভি হোপ ডোবার ১৩ দিন পর ওই জাহাজের প্রধান প্রকৌশলী কাজী সাইফুদ্দিনের (৫২) মরদেহ মানিকগঞ্জে পৌঁছেছে। গতকাল বুধবার রাতে একটি অ্যাম্বুলেন্সে করে শহরের গঙ্গাধরপট্টির বাড়িতে তাঁর মরদেহ আনা হয়। এর আগে বিকেল চারটার দিকে থাইল্যান্ড থেকে সাইফুদ্দিনের মরদেহ ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। রাতে মরদেহ বাড়িতে আনার পর হূদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। স্বজনদের কান্না ও আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার জোহরের নামাজের পর সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে জানাজা শেষে উত্তর সেওতা কবরস্থানে কাজী সাইফুদ্দিনকে দাফন করা হবে। ৪ জুলাই ভোরে মালয়েশিয়ার লুমুত বন্দর থেকে সিরামিকের পণ্য তৈরির কাঁচামাল নিয়ে চট্টগ্রাম আসার পথে থাইল্যান্ডের ফুকেট উপকূলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি হোপ। ১৭ জন নাবিক নিয়ে জাহাজটি আন্দামান সাগরে আংশিক নিমজ্জিত হয়। এ ঘটনায় ওই জাহাজের প্রধান প্রকৌশলী কাজী সাইফুদ্দিনসহ ১১ জন প্রাণ হারান।