সাইফুর রহমানের নামে না রাখায় বিএনপির প্রতিবাদ
ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে অবস্থিত সাইফুর রহমান চত্বরের নামকরণ পরিবর্তনের প্রতিবাদ জানিয়েছে জেলা বিএনপি। গতকাল বুধবার জেলা বিএনপি নামকরণ পরিবর্তনের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও পরে মৌলভীবাজারের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে।স্মারকলিপিতে বলা হয়েছে, ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের উদ্যোগে নির্মিত স্তম্ভটি সাইফুর রহমানের নামে নামকরণ করার দাবি জানানো হয়েছিল। মৌলভীবাজার সদর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গত ৩ অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের মাধ্যমে দাবি জানান। কিন্তু নির্বাচিত প্রতিনিধিদের আবেদন উপেক্ষা করে চত্বরটির নামকরণ করা হয়েছে মুক্তিযোদ্ধা চত্বর। অভিযোগ করা হয়, ২০০৮ সালে তৎকালীন সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় জেলার কিছু অজানা তথাকথিত মুক্তিযোদ্ধার আবেদনের পরিপ্রেক্ষিতে এই চত্বরটির নামকরণ মুক্তিযোদ্ধা চত্বর করার পাঁয়তারা হয়। যা বর্তমান সরকার বাস্তবায়ন করেছে। স্মারকলিপিতে স্বাক্ষর করেন বিএনপি মৌলভীবাজার জেলা কমিটির প্রথম যুগ্ম সম্পাদক আবদুল মুকিত।বিক্ষোভ মিছিল শুরুর আগে মৌলভীবাজার শহীদ মিনার প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিএনপি মৌলভীবাজার জেলা কমিটির যুগ্ম সম্পাদক আবদুল মুকিত, জেলা কমিটির সাবেক সহসভাপতি মো. ইউসুফ আলী, সাবেক প্রচার সম্পাদক বকশী মিছবাউর রহমান, জেলা যুবদলের সভাপতি হেলু মিয়া, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন উজ্জ্বল প্রমুখ।