সাইফুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইফুর রহমান
সাইফুর রহমান

সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী গতকাল শুক্রবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল মৌলভীবাজার সদর উপজেলায় বাহারমর্দান এলাকায় সাইফুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সকাল নয়টা থেকে সাইফুর রহমানের কবরে পুষ্পস্তবক দিতে যান সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপি, মহানগর ছাত্রদল, মহানগর যুবদল, মহানগর স্বেচ্ছাসেবক দল, সিলেট জেলা কৃষক দল, মৌলভীবাজার জেলা বিএনপি, পৌর ও সদর উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল এবং শ্রীমঙ্গল, কুলাউড়া, বড়লেখা, জুড়ী, রাজনগর ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপি ও দলটির সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা। সাইফুর রহমানের গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দানে পারিবারিক উদ্যোগে গতকাল বাদ জুমা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রয়াত সাইফুর রহমানের বড় ছেলে ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান প্রথম আলোকে গতকাল বলেন, ঢাকার একটি হেটেলে সাইফুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আজ শনিবার সন্ধ্যায় স্মরণসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি সাইফুর রহমানের দীর্ঘদিনের সহযোগী ও আত্মীয়স্বজনেরা উপস্থিত থাকবেন।
এম সাইফুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া এলাকায় ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান।