সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ সকাল ১০টায় সিলেট ও মৌলভীবাজারের বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে। বাদ আসর মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দানে মরহুমের গ্রামের বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা বিএনপি।
এদিকে সিলেটে আজ জুমার নামাজ শেষে হজরত শাহজালাল (র.) দরগা জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে মহানগর ছাত্রদল। আর শনিবার বিকেল চারটায় সিলেট মহানগর বিএনপির কার্যালয়ে স্মরণসভার আয়োজন করা হয়েছে।
সাইফুর রহমান ১৯৩২ সালের ৬ অক্টোবর মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দান গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৭৬ সালে জিয়াউর রহমান সরকারের বাণিজ্য উপদেষ্টা হিসেবে। অর্থমন্ত্রী হিসেবে সংসদে ১২ বার বাজেট উপস্থাপন করেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। ২০০৯ সালের এই দিনে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। মৌলভীবাজার প্রতিনিধি।