সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ৫ সেপ্টেম্বর। ২০০৯ সালের এই দিনে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বাহারমর্দানে মরহুমের গ্রামের বাড়িতে পারিবারিকভাবে মিলাদ মাহফিল ও শিরনি বিতরণের আয়োজন করা হয়েছে।
জেলা বিএনপি আজ শনিবার বাদ আসর মৌলভীবাজার শহরের চৌমোহনা এলাকার দেওয়ানি মসজিদে এক মিলাদ মাহফিল ও শিরনি বিতরণের আয়োজন করেছে। এ ছাড়া ঢাকায় তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন আয়োজন রয়েছে।
এম সাইফুর রহমান বাণিজ্যমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী ও একাধিকবার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তাঁর রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৭৬ সালে জিয়াউর রহমান সরকারের বাণিজ্য উপদেষ্টা হিসেবে। অর্থমন্ত্রী হিসেবে জাতীয় সংসদে ১২ বার বাজেট উপস্থাপনের রেকর্ড রয়েছে তাঁর। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন।