সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৫ সেপ্টেম্বর। গত বছরের এই দিনে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।এম সাইফুর রহমান বাণিজ্যমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী ও একাধিকবার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। সাইফুর রহমান মৌলভীবাজারের বাহারমর্দান গ্রামে ১৯৩২ সালের ৬ অক্টোবর জন্মগ্রহণ করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রামের বাড়ি সদর উপজেলার বাহারমর্দানে আজ পারিবারিকভাবে মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর সন্তানেরা বাবার জন্য দোয়া চেয়েছেন।সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। এক বিবৃতিতে তিনি সাইফুর রহমানের অবদানের কথা স্মরণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।