সাইফুরস কোচিংয়ের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে সাইফুরস কোচিং সেন্টারের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রাথমিকভাবে যাচাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সংস্থাটি। আজ সোমবার কমিশনের দায়িত্বশীল একটি সূত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, চলতি মাসের শুরুর দিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে সাইফুরসের বিরুদ্ধে অনুসন্ধানের সুপারিশ আসে দুদকে। প্রাথমিকভাবে যাচাই করে এ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।
সূত্রমতে, দুদকের এ অনুসন্ধানে সাইফুরসের সব ধরনের কর্মকাণ্ড খতিয়ে দেখা হবে। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কোনো ধরনের প্রতারণা বা জালিয়াতির আশ্রয় নিয়েছে কি না, তা–ও খতিয়ে দেখা হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির সব আয়কর নথিও খতিয়ে দেখবে দুদক। তাদের আয়–ব্যয়ের সব হিসাবও পেশ করতে হবে দুদকে।
ইংরেজি শেখানোর নামে বিজ্ঞাপন দিয়ে ‘দক্ষ হ্যাকার’ বানানোর প্ররোচনার অভিযোগ ওঠার পর কোচিং সেন্টারটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে মামলা দায়ের ও গোয়েন্দা সংস্থাকে বিষয়টি জানানোর জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন তিনি। পরে লিখিতভাবে দুদককে অনুসন্ধান করতে সুপারিশ করে শিক্ষা মন্ত্রণালয়।
গত ২৪ মার্চ রাজধানীর রমনা থানায় শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোচিং সেন্টারটির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।