আসন্ন সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করেছেন প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের আস্থাভাজন হিসেবে বহুল পরিচিত আরিফুল হক চৌধুরী। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। শুক্রবার রাতে নগরের একটি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা থেকে তাঁর এ প্রার্থিতার কথা ঘোষণা করা হয়। সিলেট এমসি কলেজের সাবেক অধ্যক্ষ এ এম এ এ মাহবুব আহমদের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় শিক্ষানুরাগী, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপস্থিত সবার মতামতের ভিত্তিতে আরিফুল হকের প্রার্থিতা ঘোষণা করা হলে আরিফ এতে সম্মতি দেন। চারদলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালে আরিফুল হকের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে সভায় বক্তারা বলেন, সে সময় তিনি ছিলেন সিলেট সিটি করপোরেশনের নগর উন্নয়ন ও পরিকল্পনা কমিটির চেয়ারম্যান। অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের আস্থাভাজন হয়ে আরিফুল হকের নেওয়া বিচক্ষণ ও সময়োপযোগী সিদ্ধান্তের অনেক সুফল আজও পাচ্ছেন নগরবাসী। বক্তারা আরও বলেন, সিলেটকে আধুনিক নগর হিসেবে গড়ে তোলার জন্য নেতৃত্বের পরিবর্তন এখন সময়ের দাবি। চারদলীয় জোট সরকারের আমলে সিলেট নগর বিএনপির সভাপতি ছিলেন আরিফুল হক। সাইফুর রহমানের আস্থাভাজন হিসেবে তিনি ব্যাপক আলোচিত ছিলেন। ওই আমলে সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হলেও আরিফ সিটি করপোরেশনের নগর উন্নয়ন ও পরিকল্পনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পান। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ৪ আগস্ট সিলেট সিটি করপোরেশনের নির্বাচন চলাকালে তিনি কারাবন্দী ছিলেন।