সাইফুল-জাকিরের সম্পৃক্ততা এখনো নিশ্চিত নয় পুলিশ
গুলশান হামলার জিম্মি উদ্ধার অভিযানে নিহত পাচক সাইফুল ইসলাম চৌকিদার ও সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তারের পরে হাসপাতালে মারা যাওয়া রেস্তোরাঁকর্মী জাকির হোসেন শাওনের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি এখনো নিশ্চিত নয় পুলিশ।
আজ সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ কথা বলেন গুলশান হামলা মামলার তদন্তকারী সংস্থা কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
গত ১ জুলাই জঙ্গিরা হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে ২০ জন দেশি-বিদেশি নাগরিককে জিম্মি করে হত্যা করে। দুজন পুলিশ কর্মকর্তাও এ সময় নিহত হন। পরে অভিযানে পাঁচ জঙ্গি ও ওই রেস্তোরাঁর পাচক সাইফুল ইসলাম চৌকিদার নিহত হন। সন্দেহভাজন হিসেবে ওই রাতেই গ্রেপ্তার হওয়া রেস্তোরাঁর আরেক কর্মী জাকির হোসেন ৮ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ওই ঘটনায় দায়ের করা মামলায় নিহত পাঁচ জঙ্গির সঙ্গে সাইফুলকেও আসামি হিসেবে উল্লেখ করে বলা হয়, রেস্তোরাঁর কর্মচারী হলেও সাইফুল ঘটনার সময় সন্ত্রাসীদের সঙ্গে থেকে তাদের সহায়তা করেছেন। যদিও ঘটনার শুরু থেকেই সাইফুলের পরিবারের সদস্যরা দাবি করে আসছেন, তিনি ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন না।
১ জুলাই ঘটনার রাতেই হলি আর্টিজানের পাশের জলাশয় থেকে রক্তাক্ত অবস্থায় জাকিরকে উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জাকিরকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করে বিভিন্ন সময় সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য দিয়েছেন। ৪ জুলাই পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক জানান, হামলার ঘটনায় সন্দেহভাজন দুই জঙ্গি হাসপাতালে চিকিৎসাধীন। তবে তিনি কারও নাম-পরিচয় প্রকাশ করেননি।
ওই দিনই (৪ জুলাই) জাকিরের বাবা আবদুস সাত্তার ও মা মাহমুদা বেগম ছেলেকে খুঁজতে আর্টিজানের সামনে ছবি নিয়ে গিয়েছিলেন। তাঁরা বলেন, হামলার পর থেকে জাকিরকে তাঁরা খুঁজে পাচ্ছিলেন না। তাঁর (জাকিরের) খোঁজে অভিভাবকেরা কয়েকবার গুলশান থানার পুলিশের কাছে গেছেন। পুলিশ ইউনাইটেড হাসপাতালে জাকিরকে খোঁজার কথা বলে। সেখানে গিয়েও তাঁরা ছেলেকে পাননি। মা-বাবার কাছে থাকা জাকিরের ছবি দেখে ঘটনাস্থলে থাকা সাংবাদিকেরা ঘটনার রাতে তোলা রক্তাক্ত অবস্থায় জাকিরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরে নিয়ে যাওয়ার ছবিটি দেখান। এরপর ওই দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছেলেকে খুঁজে পান তাঁরা। সেদিন আবদুস সাত্তার ও মাহমুদা বেগম অভিযোগ করেন, তাঁদের ছেলেকে অমানুষিক নির্যাতন করা হয়েছে। নির্যাতনের কারণে তাঁদেরও চিনতে পারছেন না জাকির। তাঁর বাবাকে ভাই বলে সম্বোধন করেন জাকির। জাকিরের মা মাহমুদা তখন বলেছিলেন, ‘ছেলে বাপরে ভাই ডাকতেছে। সে বাঁচবে তো! এইভাবে নির্যাতন করে পুলিশ বড় বড় পুরস্কার পাবে সন্ত্রাসী ধরার জন্য।’
এ ব্যাপারে খোঁজ নিয়ে জানা যায়, জাকিরকে ৩ জুলাই রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্র বলেছে, তাঁকে হাতকড়া পরিয়ে আনা হয়।
গুলশান হামলার সঙ্গে রেস্তোরাঁকর্মী সাইফুল ও জাকিরের সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাইলে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল সাংবাদিকদের বলেন, ‘সাইফুল চৌকিদারের সম্পৃক্ততার বিষয়টি এখনো তদন্তে সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা যায়নি। তবে তাঁর সম্পৃক্ততা নেই এ কথা বলা যাবে না, আবার সম্পৃক্ত ছিলেন, সেটিও নির্ধারিত হয়নি। জাকিরের সম্পৃক্ততার সুনির্দিষ্ট তথ্যও তদন্তে পাওয়া যায়নি।’
অারও পড়ুন :-