সাইফুলকে গ্রেপ্তার করে ৭ ডিসেম্বর হাজিরের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক রোগীকে যৌন নির্যাতনের অভিযোগে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের বরখাস্ত হওয়া স্টাফ নার্স সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। পুলিশের গুলশান বিভাগের সহকারী কমিশনার (এসি) ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়ে ওই আদেশে বলা হয়, সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে ৭ ডিসেম্বর আদালতে হাজির করতে হবে। এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস আদালতে উপস্থিত ছিলেন।
আদেশের পাশাপাশি আদালত রুল দেন। যৌন নির্যাতনের ওই ঘটনায় ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ ও সাইফুল ইসলামের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা রুলে জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র ও স্বাস্থ্যসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার, গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) ও সহকারী কমিশনার, গুলশান থানার ওসি ও ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে সাত দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে আদালত গতকাল এই আদেশ ও রুল দেন। প্রকাশিত ওই প্রতিবেদন থেকে জানা যায়, ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন এক নারীকে যৌন নির্যাতন করেন স্টাফ নার্স সাইফুল। হাসপাতাল কর্তৃপক্ষ সাইফুলকে বরখাস্ত করলেও তাঁর বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেয়নি।