সাইফুলের ওপর হামলাকারীদের শাস্তি দাবি
দায়িত্ব পালনকালে প্রথম আলোর জ্যেষ্ঠ ফটোসাংবাদিক সাইফুল ইসলামের ওপর হামলাকারী বিএনপির কর্মীদের বিচার দাবি করেছেন বিভিন্ন গণমাধ্যমের ফটোসাংবাদিকেরা। এ দাবিতে গতকাল মঙ্গলবার তাঁরা জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে ১০ মিনিট অবস্থান কর্মসূচি পালন করেন।গত সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে দলীয় নেতা-কর্মীদের সংঘর্ষের ছবি তুলতে গেলে তাঁদের হামলার শিকার হন সাইফুল ইসলাম।ক্ষুব্ধ ফটোসাংবাদিকেরা জানান, সংঘর্ষের ছবি তুলতে গেলে আলোকচিত্রীদের প্রায়ই হামলার শিকার হতে হয়। এসবের বিচার না হলে এ ধরনের ঘটনা বেড়ে যাবে বলে তাঁরা মত দেন।সাইফুলের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনের সভাপতি শাহ আলমগীর ও সাধারণ সম্পাদক আবু জাফর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য বিএনপি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।