সাইফুলের খুনিদের গ্রেপ্তারে সময়সীমা বেঁধে দিল ছাত্রলীগ
কুমিল্লা শহর ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তারে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন মহানগর ছাত্রলীগের কর্মীরা। গতকাল বৃহস্পতিবার এক মানববন্ধনে এ হুমকি দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও মহানগর ছাত্রলীগ সূত্রে জানা গেছে, বেলা ১১টায় নগরের কান্দিরপাড় এলাকায় ওই মানববন্ধনে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম শিকদার, দক্ষিণ জেলা যুবলীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আরফানুল হক, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জি এস সহিদ, আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ও দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, সাবেক ছাত্রনেতা সাদেকুর রহমানসহ নগরের ১৮টি ওয়ার্ড থেকে কয়েক শ কর্মী অংশ নেন।
মানববন্ধন শেষে কান্দিরপাড় পূবালী চত্বরে এক প্রতিবাদ সভা হয়। সভায় আনিসুর রহমান জেলা প্রশাসকের উদ্দেশে বলেন,
কুমিল্লায় কারা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মধ্যে কোন্দল জিইয়ে রাখছে, তা সরকারকে জানান।
১১ এপ্রিল বিকেলে নগরের কান্দিরপাড় এলাকায় দক্ষিণ জেলা ও শহর ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলি, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় শহর ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামকে কুপিয়ে ও গুলি করে গুরুতর জখম করে প্রতিপক্ষরা। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন। ১২ এপ্রিল সকালে নগরের ঝাউতলা এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল মারা যান। এ ঘটনায় দুটি মামলা দায়ের হলেও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।