সাইফুলের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, বোরহানের পরিবার বিস্মিত!
রাজধানীর অদূরে আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হওয়া সাইফুল ইসলামের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তিনি তাঁর বাড়ির যে ঠিকানা পুলিশকে বলেছেন, সেখানে গিয়ে তাঁর ও তাঁর বাবার নামে মিল পাওয়া যায়নি।
অন্যদিকে গ্রেপ্তার বোরহানউদ্দিন মৃধার বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামে। তাঁর পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
সাইফুল জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের হরেন্দা গ্রামের সাইফুল কি না, তা গতকাল ওই গ্রামে গিয়ে নিশ্চিত হওয়া যায়নি। সাইফুল তাঁর বাবার নাম বলেছেন মৃত আনোয়ার হোসেন। গতকাল হরেন্দা গ্রামে গিয়ে তিনজন সাইফুল ইসলামের খোঁজ পাওয়া যায়। তাঁদের কারও বাবার নাম আনোয়ার হোসেন নয়।
হরেন্দা বাজারের দক্ষিণ পাশে সাইফুল ইসলাম নামের একজন আছেন। তাঁর বাবার নাম আবদুস সামাদ ও মায়ের নাম সোনাভান বানু। আবদুস সামাদ গতকাল জানান, তাঁর ছেলে প্রায় এক বছর আগে ঢাকার আশুলিয়া অথবা গাজীপুরের পোশাক তৈরির কারখানায় চাকরি নিয়ে সেখানে থাকেন। কিন্তু গত মঙ্গলবার থেকে গতকাল বুধবার পর্যন্ত তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। ছেলে কোথায় কীভাবে আছেন তা তাঁরা জানেন না। সাইফুলের নামে বা তাঁদের পরিবারের কারও নামে কোথাও কোনো মামলা নেই বলে জানান আবদুস সামাদের আরেক ছেলে সামছুল ইসলাম।
হরেন্দা এলাকায় আরও দুজন সাইফুল ইসলামকে পাওয়া যায়। তাঁদের একজনের বাবার নাম মো. মোজাম্মেল ও অপরজনের বাবার নাম আবদুস সাত্তার।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল জানান, হরেন্দা গ্রামে খোঁজ নিয়ে সাইফুল ইসলাম বাবা মৃত আনোয়ার হোসেন পরিচয়ের কাউকে পাওয়া যায়নি।
এদিকে বোরহান কাশিয়ানী উপজেলার রাতৈল ইউনিয়নের শংকরপাশা গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি আবুল কালাম আজাদ ওরফে টুনু মৃধার ছেলে। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে কাশিয়ানী থানার পুলিশ বোরহানের বাবাকে আটক করে সারা রাত জিজ্ঞাসাবাদ করে।
কাশিয়ানী থানার ওসি মনিরুল ইসলাম জানান, বোরহানের বাবাকে জিজ্ঞাসাবাদের পর স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় ছেড়ে দেওয়া হয়। রাতৈল ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শওকত মল্লিক জানান, এলাকায় বোরহানের অস্বাভাবিক কোনো কর্মকাণ্ড কখনো চোখে পড়েনি।
গতকাল সরেজমিনে দেখা যায়, শংকরপাশা গ্রামে বোরহানের বাবা, মা ও ছোট ভাই থাকেন। সংসার চলে বাবা আবুল কালাম আজাদের পেনশনের টাকা ও ঢাকা থেকে বোরহানের পাঠানো টাকায়। বোরহানের বাবা জানান, গত ২০১৩ সালের মে মাসে ঢাকায় হেফাজতে ইসলামের ‘গোলযোগের’ সময় বোরহানকে আটক করেছিল শাহবাগ থানার পুলিশ। পরে ছেড়ে দেয়। বোরহানের তিন বছরের এক মেয়ে আছে। স্ত্রী জান্নাত ও মেয়ে হাবিবাকে নিয়ে বোরহান কালিয়াকৈরের চান্দুরা এলাকায় ভাড়া বাসায় থাকেন।
তিন ভাই ও দুই বোনের মধ্যে বোরহান চতুর্থ। তিনি বাড়ির পাশের শংকরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়েন। এরপর যশোরের নওয়াপাড়া এলাকার ফকির বাগান হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করেন। পরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কঠোরাকান্দি কওমি মাদ্রাসায় পড়েন। তারও পরে এক বছর এলাকার চরপাড়া এমদাদুল হাফেজিয়া মাদ্রাসায় তালিম দেন।