সাইফুল্লাহ লস্কর হত্যা মামলাটি চাঞ্চল্যকর চিহ্নিত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষকনেতা সাইফুল্লাহ লস্কর হত্যাকারীদের গ্রেপ্তার, হত্যা মামলাটিকে চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা হিসেবে চিহ্নিত করে জেলা মনিটরিং সেলে তালিকাভুক্ত করাসহ ১৪ দফা দাবিতে সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির ডাকা প্রতীকী গণ-অনশন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত সাতক্ষীরা শহীদ আবদুর রাজ্জাক পার্কে এ কর্মসূচি পালন করা হয়।সাইফুল্লাহ লস্কর হত্যার বিচারের দাবিতে জেলা ভূমিহীন সমিতির অনশনের প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সাইফুল্লাহ লস্কর হত্যার বিচার বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক আবদুর রহিম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা ভূমিহীন সমিতির উপদেষ্টা ও জেলা জাসদের সভাপতি কাজী রিয়াজ, জেলা ভূমিহীন সমিতির উপদেষ্টা জেলা বাসদের সংগঠক আজাদ হোসেন প্রমুখ।বক্তারা সাইফুল্লাহ লস্কর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সাতক্ষীরার তৎকালীন পুলিশ সুপার মনিরুজ্জামান, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সামছুল আলম, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপপরিদর্শক নজরুল ইসলাম, ভূমিদস্যু নাছিম ফারুক খান ওরফে মিঠু ও বসির আহম্মেদকে গ্রেপ্তার করে দ্রুত বিচার শেষ করার দাবি জানান। তাঁরা আশা প্রকাশ করেন, জেলার সব সরকারি খাস ও অর্পিত সম্পত্তি প্রকৃত ভূমিহীনদের মধ্যে স্থায়ী বন্দোবস্ত দেওয়া হলে বর্তমান সরকারের ঘোষিত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রক্রিয়া এক ধাপ এগিয়ে যাবে।