সাইফুল্লাহ লস্কর হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সহসভাপতি সাইফুল্লাহ লস্কর হত্যার ঘটনায় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোজাম্মেল হককে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কৃষক দলের সাবেক নেতা। বুধবার আদালতে হাজির করে পুলিশ তাঁকে সাত দিনের রিমান্ডে নিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম হাসেম খান বলেন, মোজাম্মেল হকের সঙ্গে ভূমিহীন আন্দোলন নিয়ে সাইফুল্লাহ লস্করের বিরোধ ছিল। মোজাম্মেল হক ২০০৫ সালের ১৯ জুলাই সাইফুল্লাহ লস্করসহ ১৮ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলায় সাইফুল্লাহ লস্করসহ পাঁচজনের দুই বছর করে জেল হয়। পরে সাইফুল্লাহ লস্কর হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান। এসব ঘটনায় সাইফুল্লাহ লস্করের খুনের সঙ্গে জড়িত থাকার সন্দেহে মোজাম্মেল হককে গ্রেপ্তার করা হয়েছে। ওসি জানান, মোজাম্মেল হককে বুধবার মুখ্য বিচারিক হাকিম এ এইচ এম শামছুল আরেফিনের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। মোজাম্মেল হকের কাছে বুধবার সদর থানায় বসে তাঁর গ্রেপ্তারের কারণ জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। ৫ ডিসেম্বর সাইফুল্লাহ লস্করের বাড়ির কাছ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।