সাইফুল্লাহ লস্কর হত্যা মামলায় ফারুক খানের গ্রেপ্তারের দাবি
পুলিশের হাতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাছিম ফারুক খানকে কৃষকনেতা সাইফুল্লাহ লস্কর হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানানো হয়েছে। গত বুধবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে জেলা ভূমিহীন সমিতি এ দাবি জানায়।মানববন্ধনে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক আলী নূর খান, সহসভাপতি আবদুর রশিদ, শাহীদ রেবু, আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহর আলী, সাতক্ষীরা সদর উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, সাইফুল্লাহ লস্কর হত্যাকাণ্ডের তিন বছর অতিবাহিত হয়েছে। গোয়েন্দা পুলিশের কাছে মামলাটি তদন্তাধীন রয়েছে। অথচ এ হত্যাকাণ্ডের মূল হোতা ফারুক খানকে এক দিনের জন্যও জিজ্ঞাসাবাদ করা হয়নি। ওই হত্যাকাণ্ডের পরপরই ফারুক খান পালিয়ে যান। এতে প্রমাণ হয় যে ওই হত্যার সঙ্গে ফারুক খান সরাসরি জড়িত। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাছারিপাড়া মোড়ে জেলা ভূমিহীন সমিতির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।