সাইফুল্লাহ লস্কর হত্যার বিচার দাবিতে সমাবেশ, স্মারকলিপি
বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সহসভাপতি সাইফুল্লাহ লস্কর হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় গতকাল সোমবার মিছিল সমাবেশ হয়েছে। সমাবেশ শেষে পাঁচ দফা দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।সাতক্ষীরা শহরের নিউমার্কেট এলাকার শহীদ স. ম. আলাউদ্দিন চত্বরে গতকাল দুপুরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি। সমিতির সহসভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হক, সাংগঠনিক সম্পাদক বি এম শামীমুল হক প্রমুখ।বক্তারা বলেন, সাইফুল্লাহ লস্কর ছিলেন সাতক্ষীরার ভূমিহীন আন্দোলনের পথিকৃৎ। এ ছাড়া তিনি বিলডুহুরী আন্দোলন, বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা দূরীকরণ আন্দোলন ও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে অপরিকল্পিত চিংড়ি চাষবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পর সাড়ে ছয় মাস পেরিয়ে গেলেও মূল আসামিদের গ্রেপ্তার করা হয়নি। এই হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত এবং অবিলম্বে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়। এরপর সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ও সহকারী পুলিশ সুপার (এএসপি) সামছুল আলমকে গ্রেপ্তারসহ পাঁচ দফা দাবিতে সংগঠনের পক্ষ থেকে সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।