সাইফের সঙ্গে চুক্তি বাতিল চেয়ে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) দুটি জেটিতে অপারেটর নিয়োগের চুক্তি বাতিল চেয়ে নৌপরিবহন মন্ত্রণালয় ও বন্দরকে উকিল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে চুক্তি বাতিলের পাশাপাশি এনসিটির ২ ও ৩ নম্বর জেটিতে অপারেটর নিয়োগ চূড়ান্ত না করতে বলা হয়েছে।
এনসিটির দরপত্রে বার্থ অপারেটরদের সুযোগ দিতে কিছুদিন আগে হাইকোর্টে রিট করেন আইনজীবী রেদওয়ান আহমদ। রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী মো. জহিরুল ইসলাম নোটিশটি পাঠিয়েছেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদি, বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমদ, বন্দরসচিব ওমর ফারুক ও পরিচালক (পরিবহন) গোলাম সরওয়ারকে এই নোটিশ পাঠানো হয়।
নোটিশের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) ও মুখপাত্র জাফর আলম গতকাল বৃহস্পতিবার বিকেলে জানান, বন্দর কর্তৃপক্ষ নোটিশ পেয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বন্দর সূত্র জানায়, নিউমুরিং টার্মিনালের দরপত্র নিয়ে জনস্বার্থে হাইকোর্টে রিট করেন আইনজীবী রেদওয়ান আহমদ। বন্দরে কর্মরত বার্থ অপারেটরদের নিউমুরিং টার্মিনালের দরপত্রে অংশগ্রহণের সুযোগ দিতে আদেশ দেন আদালত। এ আদেশকে চ্যালেঞ্জ করে বন্দর কর্তৃপক্ষ আপিল করে। এরপর চেম্বার জজ হাইকোর্টের আদেশ স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান।
রিট আবেদনকারীর আইনজীবী হাসান মোহাম্মদ রিয়াদ প্রথম আলোকে জানান, গত ২১ জুন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ ৩১ জুলাই পর্যন্ত এনসিটির দরপত্রের অপারেটরের চূড়ান্ত বাছাই কার্যক্রম স্থগিত করার আদেশ দেন। একই সময়ের মধ্যে হাইকোর্ট বিভাগে রিট আবেদনের শুনানি শেষ করারও আদেশ দেওয়া হয়।
২৫ জুন এনসিটির ৪ ও ৫ নম্বর জেটি পরিচালনার জন্য বন্দর কর্তৃপক্ষ ও সাইফ পাওয়ারটেক লিমিটেডের মধ্যে চুক্তি সই হয়। সাইফ পাওয়ারটেক লিমিটেডের সঙ্গে ভাগাভাগি করে কাজটি পেয়েছে চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন ও সাংসদ একরামুল করিম চৌধুরীর মালিকানাধীন দুটি প্রতিষ্ঠান।