মহিলা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা
সাইবার অপরাধ ও নারী জঙ্গির উত্থান নতুন চ্যালেঞ্জ
বাংলাদেশ মহিলা পরিষদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তপ্রজন্ম সংলাপে বক্তারা বলেন, সাইবার অপরাধ, নারী জঙ্গির উত্থান নারী আন্দোলনের জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
গতকাল মঙ্গলবারÿরাজধানীর সেগুনবাগিচায় পরিষদের সুফিয়া কামাল ভবন মিলনায়তনে এই সংলাপে আলোচকেরা নারী আন্দোলনে পুরুষ এবং তরুণ প্রজন্মের সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি নতুন প্রযুক্তির বিষয়টিকে মাথায় রাখতে হবে বলে উল্লেখ করেন।
গতকাল ছিল মহিলা পরিষদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে এই সংলাপের আয়োজন করা হয়। এর আগে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন এবং ৪৭টি মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ফওজিয়া মোসলেম। তিনি বলেন, নতুন নতুন চ্যালেঞ্জের সঙ্গে ধারাবাহিক চ্যালেঞ্জ হচ্ছে নারীর প্রতি সহিংসতা।
স্বাগত বক্তব্যে মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু ৪৭ বছরের পথচলায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত কবি সুফিয়া কামাল ও সাধারণ সম্পাদক মালেকা বেগমকে বিশেষভাবে স্মরণ করেন।
এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান হলো, ‘সকল শ্রেণি-পেশার নারীদের যুক্ত করি, অন্তর্ভুক্তিমূলক সংগঠন গড়ে তুলি’।
আন্তপ্রজন্ম সংলাপে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আজিম বলেন, নারী আন্দোলন পারিবারিক ও সামাজিক কাঠামোকে কঠিন প্রশ্নের সম্মুখীন করে। তিনি বলেন, বর্তমানের ধর্মীয় উগ্রবাদ নারীর জীবনকে প্রভাবিত করছে। পাঠ্যপুস্তকসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারও বিশেষ ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে আপস করছে। এই আপসকামিতাকে চ্যালেঞ্জ করার বিষয়টি আয়ত্ত করতে হবে।
বাংলাদেশ মহিলা পরিষদের মহানগর শাখার তরুণী সম্পাদক শাফকাত আলম (আঁখি) বলেন, এখন তরুণ প্রজন্ম ভার্চ্যুয়াল জগতে বেশি সময় কাটায়। অনলাইন, ফেসবুকে ‘মটিভেশনাল স্পিকারের’ উদ্ভব হয়েছে। এতে তরুণ প্রজন্মের অনেকে বিভ্রান্ত হচ্ছে।
আন্তসংলাপে অন্যান্যের মধ্যে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তানিয়া হক, ওয়াইডব্লিউসিএর সাধারণ সম্পাদক হেলেন মনীষা সরকার, নারীপক্ষের সদস্য রিতা দাশ রায়, ক্ষুদ্র জাতিসত্তার বিভিন্ন সমস্যা নিয়ে আন্দোলনকর্মী রাখী ম্রং, সাংবাদিক মুনিমা সুলতানা, বাংলাদেশ মহিলা পরিষদের ঢাকা মহানগর শাখার সদস্য জুয়েলা জেবুন নেসা খান ও মানবসম্পদ ব্যবস্থাপক পলি মহন্ত প্রমুখ।